বুধবার ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়ের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ হবে হায়দরাবাদে। তার আগে বিতর্ক তৈরি হয়েছে সে রাজ্যের ক্রিকেট সংস্থার (এইচসিএ) কর্তার গ্রেফতারিতে। বিনামূল্যের চড়া দামের টিকিট উচ্চ মূল্যে বিক্রি করার অভিযোগ রয়েছে। চার জনকে গ্রেফতারের পর টিকিটের কালোবাজারির বিরুদ্ধে সাধারণ মানুষকে সতর্ক করেছে পুলিশ।
হায়দরাবাদ ক্রিকেট সংস্থার কর্তা সতীশ চন্দ্র শ্রীবাস্তব, তাঁর ছেলে আকর্ষিত শ্রীবাস্তব, অবিনাশ দারক এবং মোহিত সোমানিকে গ্রেফতার করা হয়েছে। ১২ অক্টোবর পুলিশ খবর পায়, বেগম বাজারের এসডি মলের সামনে টিকিটের কালোবাজারি হচ্ছে।
সাব-ইনস্পেক্টর জনার্দন নাইকের নেতৃত্বের একটি দল রাত ৯টা নাগাদ ধরে ফেলেন দারক এবং সোমানিকে। ক্রিকেট ম্যাচের পাস ছাড়াও নবরাত্রি ডান্ডিয়া অনুষ্ঠানের পাস, নগদ ৫ হাজার টাকা, মোবাইল এবং দু’চাকার যান বাজেয়াপ্ত করা হয়।
পুলিশের দাবি, জেরার মুখে দারক এবং সোমানি জানিয়েছেন, আকর্ষিত টিকিটগুলি তাঁদের দিয়েছিলেন বিক্রির জন্য। এর পর সেগুলি টেলিগ্রাম এবং হোয়াট্সঅ্যাপের মাধ্যমে তাঁরা গ্রাহকদের চড়া দামে বিক্রি করেন। পুলিশের দাবি, ৩৫০০ থেকে ৬০০০ টাকা দামে টিকিট বিক্রি করা হয়েছে। আকর্ষিত টিকিটগুলি পেয়েছিলেন বাবা সতীশের থেকে, যিনি এইচসিএ সদস্য।
আরও পড়ুন:
ন’টি কমপ্লিমেন্টারি টিকিট বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে। আরও টিকিট বিক্রি হয়েছে কি না তার খোঁজ করছে পুলিশ। গ্রেফতার হওয়া চার জনকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। পুলিশ অনুরোধ করেছে, স্বীকৃত সংস্থা থেকেই টিকিট কেনার জন্য। কালোবাজারি হলেই খবর দেওয়ার অনুরোধ করা হয়েছে।