অক্টোবরের শেষের দিকে তিন ফরম্যাটের সিরিজ় খেলতে নিউ জ়িল্যান্ড যাবে ভারত। টেস্ট সিরিজ় শুরুর আগে তারা লাল বলে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বলে জানা গিয়েছে। অধিনায়ক শুভমন গিল বছরের শুরুতে যে দাবি করেছিলেন, অবশেষে তাকে মান্যতা দিতে চলেছে ভারতীয় বোর্ড।
ভারত এ বনাম নিউ জ়িল্যান্ড এ দলের তৃতীয় বেসরকারি টেস্ট শেষ হওয়া এবং মূল দলের টেস্ট সিরিজ় শুরু হওয়ার মাঝে ওই প্রস্তুটি ম্যাচ খেলা হতে পারে। ভারতের প্রথম সারির ক্রিকেটারেরা ওই ম্যাচে খেলতে পারেন।
নিউ জ়িল্যান্ডে গিয়ে ভারত শেষ বার টেস্ট খেলেছিল ২০২০-র ফেব্রুয়ারিতে। দু’টি ম্যাচেই খারাপ ভাবে হেরেছিল তারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে মাথায় রেখে এ বার একই ভুল করতে চাইছে না বোর্ড। এখনকার দলের অনেকেরই নিউ জ়িল্যান্ডে গিয়ে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। তাঁদের সামনে বাড়তি সুযোগ দেওয়া হচ্ছে পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার।
যদি ভারত প্রস্তুতি ম্যাচে খেলে, তা হলে সেখানে শুভমন, কেএল রাহুল, জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাডেজা খেলেন কি না সে দিক নজর থাকবে। তাঁরা সকলেই টেস্ট দলের সদস্য। উল্লেখ্য, এক দিনের সিরিজ় শেষ হচ্ছে ১৫ নভেম্বর। প্রথম টেস্ট শুরু ১৯ নভেম্বর। শুভমনেরা যে শেষ দু’টি এক দিনের ম্যাচ খেলবেন না তা আগেই জানা গিয়েছিল। তাই টেস্ট ক্রিকেটারদের প্রায় সকলকেই প্রস্তুতি ম্যাচে খেলানোর চেষ্টা করা হবে।
উল্লেখ্য, গত জানুয়ারি মাসে বোর্ডকর্তাদের সঙ্গে একটি বৈঠকে প্রস্তুতি ম্যাচের প্রয়োজনীয়তার কথা জানিয়েছিলেন শুভমন। এক বোর্ডকর্তা বলেছিলেন, “শুভমন একটা কথা খুব পরিষ্কার করে বলেছে। সেটা হল, টেস্ট সিরিজ়ের আগে দলের প্রস্তুতি আরও ভাল হওয়া দরকার। গত মরসুমে দল টেস্টের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পায়নি। এটা ঠিক। শুভমন প্রস্তাব দিয়েছে, প্রতিটি টেস্ট সিরিজ়ের আগে অন্তত ১৫ দিনের প্রস্তুতি শিবিরের ব্যবস্থা করতে।’’
আরও পড়ুন:
তিনি আরও বলেছিলেন, “শুভমন ভাল ক্রিকেটের উপর গুরুত্ব দিয়েছে। নির্বাচক এবং কর্তাদের সামনে খোলাখুলি মতামত জানিয়েছে। ওর প্রস্তাবগুলো খোলা মনে বিবেচনা করা হচ্ছে। রোহিত শর্মার পর আমাদের একজন শক্ত মানসিকতার অধিনায়ক প্রয়োজন ছিল। শুভমনের মধ্যে সেই ছাপ দেখা যাচ্ছে। টেস্ট এবং এক দিনের দলের নেতৃত্ব এখন শুভমনের কাঁধে। ওর মতামতকে গুরুত্ব দিতেই হবে।’’