Advertisement
E-Paper

এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ় শ্রেয়সদের পকেটে, দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৭ উইকেটে হারাল ভারত

রশিদ খান সপ্তম ওভারে আউট করেছেন অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনকে। কিন্তু তার আগেই ভারতের জয়ের পথ মসৃণ করে দেন দুই ওপেনার। ফলে আফগানিস্তানের বিরুদ্ধে চাপে পড়েনি শ্রেয়স আয়ারেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৪
Picture of Cricket

সঞ্জু স্যামসন। ছবি: এক্স।

এক ম্যাচ বাকি থাকতেই আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় জয় নিশ্চিত করে ফেলল ভারত। মঙ্গলবার প্রথমে ব্যাট করে ইব্রাহিম জ়াদরানেরা করেন ৮ উইকেটে ১৫৯ রান। জবাবে ১৪.৫ ওভারে ৩ উইকেটে ১৬৩ রান শ্রেয়স আয়ারের দলের। অভিষেক শর্মা-সঞ্জু স্যামসনের আগ্রাসী ওপেনিং জুটি অরুণ জেটলি স্টেডিয়ামের ২২ গজে ভারতের জয় সহজ করে দিল দ্বিতীয় ম্যাচে।

প্রথম ম্যাচে রান পাননি সঞ্জু। বৈভব সূর্যবংশীকে বসিয়ে কেন তাঁকে খেলানো হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠে ছিল। কেরলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মঙ্গলবার সেই প্রশ্নকে ছুড়ে ফেললেন দিল্লির গ্যালারিতে। ২২ বলে ৫৭ রানের ইনিংসে বুঝিয়ে দিলেন কোচ গৌতম গম্ভীর কেন তাঁকে ভরসা করেন। ৭টি চার এবং ৪টি ছয়ের সাহায্যে সঞ্জুর ইনিংসের জবাব ছিল না আফগান বোলারদের কাছে। রশিদ খানের বলে আউট হলেন অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে। একই কারণে রশিদকে উইকেট দিয়েছেন অভিষেকও। তাঁর ব্যাট থেকে এসেছে ১৯ বলে ৩৯ রানের ইনিংস। ২টি চার এবং ৪টি ছক্কা মেরেছেন তিনি। তাঁদের ওপেনিং জুটিতে ৬.২ ওভারে ওঠে ৮৮ রান। তাতেই ভারতের জয়ের রাস্তা মসৃণ হয়ে যায়।

রশিদ একই ওভারে অভিষেক এবং সঞ্জুকে আউট করলেও ভারতীয় দল চাপে পড়েনি। রান তোলার গতি বজায় রাখেন ঈশান কিশনও। তাঁদের দাপটে সাত ওভারের মধ্যেই ভারতের ওভাপর প্রতি রান তোলার লক্ষ্য অর্ধেক হয়ে যায়। শ্রেয়সকেও (১১ বলে ১১) দ্রুত আউট করে দেন রশিদ। তবু ভারতের জয় কঠিন হয়নি। ঈশান ২২ গজের এক প্রান্ত আগলে রেখেছিলেন। তাঁর সঙ্গে যোগ দেন তিলক বর্মাও। ঈশান করেন ২৩ বলে অপরাজিত ৩৮। ৩টি চার এবং ২টি ছয় মারেন। তিলক অপরাজিত থাকেন ১৪ বলে ১৫ রানে। রশিদ ছাড়া আফগানিস্তানের কোনও বোলারই ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে সুবিধা করতে পারেননি। ৩৬ রানে ৩ উইকেট নিয়েছেন আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক।

এর আগে আফগানিস্তানের হয়ে ভাল ব্যাট করেন জ়াদরান, ডারউইশ রসুল, মহম্মদ নবি এবং রশিদ। ওপেন করতে নেমে আফগান অধিনায়ক করেন ৩৩ বলে ৩৭। ৬টি চার মারেন তিনি। পাঁচ নম্বরে নেমে রসুল ১টি চার এবং ২টি ছয়ের সাহায্যে করেন ১৫ বলে ২৬। এক সময় ১০০ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আফগানেরা। সেখান থেকে দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয় নবি-রশিদ জুটি। নবি ১৪ বলে ২০ রানে করেন। ২টি চার, ১টি ছয় মারেন নবি। রশিদের ব্যাট থেকে এসেছে ১৬ বলে ২৮। তিনি ৩টি চার এবং ১টি ছয় মারেন।

বেশ কিছু দিন পর জসপ্রীত বুমরাহকে আবার অপ্রতিরোধ্য দেখিয়েছে বল হাতে। ৪ ওভারে ২৫ রানে ১ উইকেট নিয়েছেন। নিজের প্রথম ওভারে কোনও রান দেননি বুমরাহ। তবে ভারতের সফলতম বোলার নীতীশ রেড্ডি। তিনি ২৪ রানে ৩ উইকেট নিয়েছেন। অর্শদীপ সিংহের ২ উইকেট ৩৫ রানে। ২৮ রানে ১ উইকেট অক্ষর পটেলের। রবি বিশ্নোই ১ উইকেট নিয়েছেন ৩২ রান খরচ করে।

India vs Afghanistan T20I Sanju Samson Abhishek Sharma Shreyas Iyer

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy