Advertisement
E-Paper

স্বাধীনতা দিবসে শুরু ভারতের ৬০০তম টেস্ট ম্যাচ! প্রথম একাদশ নিয়ে ইঙ্গিত দিয়ে রাখলেন শুভমন

শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টেস্টের সিরিজ় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের কাছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে টিকে থাকতে জয় ছাড়া উপায় নেই। তিন জন বাঁহাতি স্পিনারকে গল টেস্টে খেলাতে পারেন শুভমন গিলেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৬ ১৫:২৩
Picture of Cricket

শুভমন গিল। ছবি: পিটিআই।

শনিবার স্বাধীনতা দিবসের দিনই ভারতের ৬০০তম টেস্ট ম্যাচ শুরু। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। খেলা হবে গলের স্পিন সহায়ক পিচে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে থাকার জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টেস্টের সিরিজ় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের কাছে। দেশের মাইলফলক টেস্টে নেতৃত্বের দায়িত্ব পেয়ে গর্বিত শুভমন গিল। ম্যাচ শুরুর আগের দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রথম একাদশ নিয়েও ইঙ্গিত দিয়েছেন শুভমন।

গলের ২২ গজের ঘাস প্রায় উড়িয়ে দেওয়া হয়েছে। স্পিনারদের সুবিধার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে পিচ। জসপ্রীত বুমরাহহীন ভারতীয় জোরে বোলিং আক্রমণকেও সুবিধা দিতে নারাজ শ্রীলঙ্কা। পিচের চরিত্র বুঝে তিন জন স্পিনার নিয়ে খেলার পরিকল্পনা করেছে ভারতীয় শিবির। রবীন্দ্র জডেজা, কুলদীপ যাদবের সঙ্গে দলে থাকতে পারেন মানব সুতার। অর্থাৎ তিন জন বাঁহাতি স্পিনার নিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবে ভারত। জোরে বোলার হিসাবে কারা থাকবেন? মহম্মদ সিরাজের খেলা নিয়ে প্রশ্ন নেই। দ্বিতীয় জোরে বোলার কে হবেন? শুভমন বলেছেন, ‘‘গুরনুর ব্রার পুরনো বলে দুর্দান্ত। বলের গতি ভাল। পিচ থেকে বাউন্স আদায় করতে পারে। তবে প্রসিদ্ধ কৃষ্ণ দুর্দান্ত বল করছে। প্রস্তুতি ম্যাচেও বেশ ভাল করেছে। দু’জনের মধ্যে এক জনকে বেছে নেওয়া কঠিন।’’ শুভমনের কথা থেকে বোঝা গিয়েছে গলে খেলার সম্ভাবনা নেই জম্মু-কাশ্মীরের জোরে বোলার আকিব নবির। বুমরাহের অনুপস্থিতি নিয়ে শুভমন বলেছেন, ‘‘বুমরাহ নেই। অন্য কারও দায়িত্ব নেওয়ার, এগিয়ে আসার এটাই সুযোগ। আসল হচ্ছে খেলার গতিটা বুঝতে পারা।’’

ব্যাটিং অর্ডার নিয়েও ইঙ্গিত দিয়েছেন শু‌ভমন। যশস্বী জয়সবাল, লোকেশ রাহুল ইনিংস শুরু করবেন। তিন নম্বরে নামবেন দেবদত্ত পাডিক্কল। চার নম্বরে শুভমন নিজে নামবেন। পাঁচ নম্বরে দেখা যেতে পারে ধ্রুব জুরেলকে। যদিও জুরেলের ফর্ম নিয়ে প্রশ্ন রয়েছে। শুভমন বলেছেন, ‘‘খেলোয়াড়েরা নিজেরাই উন্নতি করবে। ওদের শুধু একটু সময় দিতে হবে। অনেক ক্ষেত্রে এই সময়টা দরকার হয়।’’ ক্রিকেটারদের চোট-আঘাত নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অফ এক্সেলেন্সের সঙ্গে দলের কোনও সমস্যা নেই বলেও দাবি করেছেন শুভমন। ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘‘সিওইর সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকে আমাদের। দুর্ভাগ্যবশত সাই সুদর্শন প্রত্যাশা মতো চোট সারিয়ে উঠতে পারেনি। টেস্টে ঝুঁকি নেওয়া যায় না। দলে যে ১৫ জন রয়েছে, আমরা তাদেরকে নিয়েই আত্মবিশ্বাসী।’’

শুভমন জানেন টেস্ট বিশ্বকাপের ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে হলে, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ় জিততেই হবে। এ নিয়ে বলেছেন, ‘‘অধিনায়কের ভূমিকায় এখন আমি স্বচ্ছন্দ। এই সিরিজ়ে আমাদের প্রধান লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকা। আমাদের ছ’সাতটি টেস্ট জিততে হবে। এখান থেকেই শুরু করতে চাই আমরা।’’

ভারতের ৬০০তম টেস্টে অধিনায়ক হিসাবে খেলবেন শুভমন। তিনি বলেছেন, ‘‘৬০০তম টেস্টে দেশকে নেতৃত্ব দেওয়া সম্মানের। স্বাধীনতা দিবসে এটা হবে। তাই আরও বেশি সম্মানের।’’

India vs Sri Lanka Test Series Shubman Gill

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy