শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ২-০ ব্যবধানে জিততে পারেনি ভারত। কলম্বোয় দ্বিতীয় টেস্টে শুভমন গিলদের জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়িয়ে ছিলেন সোনাল দিনুশা। এমনকি শ্রীলঙ্কার বোলারদেরও আউট করতে পারেননি ভারতের বোলারেরা। কলম্বো টেস্ট ড্র হওয়ায় ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নষশিপের ফাইনালে ওঠার রাস্তা আরও কঠিন হয়েছে। কলম্বোয় জিততে না পারার আক্ষেপ থাকলেও দুই টেস্টের সিরিজ়কে ইতিবাচক হিসাবেই দেখছেন শুভমন।
কলম্বো টেস্টের পর ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) শুভমন বলেছেন, ‘‘খুব ভাল সিরিজ় হল। আমাদের জন্য বেশ কিছু ইতিবাচক দিক ছিল। তরুণ ক্রিকেটারেরা ভাল পারফর্ম করেছে। এটা সন্তোষজনক।’’ ব্যাটিং অর্ডারের তিন নম্বর জায়গা নিয়ে সমস্যা কি মেটাতে পারলেন দেবদত্ত পাডিক্কল? শুভমন বলেছেন, ‘‘অবশ্যই। এই ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে। প্রতিটি সেশনে এক জন ব্যাটারের দায়িত্ব নেওয়া উচিত। পাডিক্কল দুটো টেস্টেই দায়িত্বটা পালন করেছে। ওর রান পাওয়াটা আমাদের জন্য খুবই ইতিবাচক বিষয়। সিরিজ়ে ও যে ভাবে ব্যাট করেছে, সেটা দেখতেও ভাল লাগে। দারুণ মানসিকতার ক্রিকেটার।’’
মানব সুতারের প্রশংসাও শোনা গিয়েছে শুভমনের গলায়, ‘‘আমাদের জন্য সুতার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আশা করব, দীর্ঘ দিন আমাদের স্পিন আক্রমণকে নেতৃত্ব দিতে পারবে। দুটো টেস্টেই খুব ভাল বল করেছে। সব সময় সুযোগ তৈরির চেষ্টা করে। মনে হয় কোনও সময় উইকেট আসবে। আশা করব আগামী দিনেও সুতার দলের জন্য এ ভাবেই পারফর্ম করবে।’’
সিরিজ়ের ফল নিয়ে শুভমন বলেছেন, ‘‘অনেক কিছু শিখলাম এই সিরিজ় থেকে। আমরা খারাপ ক্রিকেট খেলিনি। যদিও দ্বিতীয় টেস্টের ফল আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। এই ম্যাচটাও আমরা জিততে চেয়েছিলাম। দ্বিতীয় দিনের পর মনে হয়েছিল, আমাদের জেতার ভাল সুযোগ রয়েছে। কিন্তু শ্রীলঙ্কা টানা তিন দিন ব্যাট করে আমাদের আটকে দিল। কোনও কোনও সময় প্রতিপক্ষের থেকেও শেখা যায়। তাদের লড়াইকেও বাহবা দিতে হয়।’’
শুভমনের মাথায় এখন থেকেই নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়। আশা করছেন, নিউ জ়িল্যান্ডে গিয়েও ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন তাঁরা। যদিও তার আগে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় রয়েছে। শুভমন টি-টোয়েন্টি দলের অধিনায়ক নন। সম্ভবত সে কারণেই ওই সিরিজ়ের কথা উল্লেখ করেননি।