Advertisement
E-Paper

‘এক দিনের ক্রিকেটই সবচেয়ে কঠিন’, ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের আগে মন্তব্য প্রসিদ্ধের, কারণও ব্যাখ্যা করলেন জোরে বোলার

প্রসিদ্ধ কৃষ্ণের ভাবনায় এখন থেকেই আগামী বছরের বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপ নিয়ে বেশ উত্তেজিত ভারতীয় জোরে বোলার। আসন্ন নিউ জ়িল্যান্ড সফরের প্রস্তুতি শুরু করে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের আগেই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১০
Picture of Cricket

প্রসিদ্ধ কৃষ্ণ। — ফাইল চিত্র।

এশিয়ান গেমসে শ্রেয়স আয়ারেরা যখন সোনা জয়ের লড়াই করবেন, তখন দেশের মাটিতে শুভমন গিলেরা ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলবেন। আগামী রবিবার প্রথম ম্যাচে মুখোমুখি হবে দু’দল। তার আগে এক সাক্ষাৎকারে প্রসিদ্ধ কৃষ্ণ জানিয়ে দিলেন, এক দিনের ক্রিকেটই সবচেয়ে কঠিন।

গৌতম গম্ভীরের জমানায় টেস্ট এবং এক দিনের দলে নিয়মিত হয়ে উঠেছেন প্রসিদ্ধ। জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজের পর তাঁকে প্রধান জোরে বোলার হিসাবে বিবেচনা করা হয়। তিনি দু’ধরনের ক্রিকেটের মধ্যে এক দিনের ক্রিকেটকে কঠিন হিসাবে বেছে নিয়েছেন। প্রসিদ্ধ বলেছেন, ‘‘এক দিনের ফরম্যাট খুবই আকর্ষণীয়। আমার মতে এটাই সবচেয়ে কঠিন। কারণ ম্যাচের বিভিন্ন পর্যায়ে মানিয়ে নেওয়ার ব্যাপার থাকে। বিশেষ করে বোলারদের জন্য। ম্যাচের তিন পর্বেই বল করতে হয়। পাওয়ার প্লে এক দিনের ক্রিকেটকে বোলারদের জন্য আরও চ্যালেঞ্জিং করে তুলেছে। কঠিন পরিস্থিতি সামলাতে খুব বেশি মানুষ ভাল ভাবে সামলাতে পারে না। আমি আগামী সিরিজ়ে পাওয়ার প্লেতে বল করার জন্য মুখিয়ে রয়েছি।’’

প্রসিদ্ধের ভাবনায় এখন থেকেই আগামী বছরের বিশ্বকাপ। তিনি বলেছেন, ‘‘এক দিনের ক্রিকেট বেশ উত্তেজক। আগামী বছর দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ হবে। জোরে বোলারদের উত্তেজনা বেশি থাকা স্বাভাবিক। এখন প্রায় সব ম্যাচেই প্রচুর রান হয়। ৩০০ বা ৩৫০ রান এক দিনের ক্রিকেটে প্রায় নিয়মিত হয়ে গিয়েছে। বোলার হিসাবে আমাদের চ্যালেঞ্জ হল, প্রতিপক্ষকে যতটা সম্ভব কম রানে আটকে রাখা। এ জন্য নানা রকম কৌশল নিতে হয় আমাদের।’’

ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের পর নিউ জ়িল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। সেখানে পাঁচটি টি-টোয়েন্টি, পাঁচটি এক দিনের ম্যাচ এবং দু’টি টেস্ট খেলবে ভারত। সব ঠিক থাকলে এক দিনের এবং টেস্ট দলে থাকা নিশ্চিত প্রসিদ্ধের। নিই জ়িল্যান্ডের পিচেও সাহায্য পান জোরে বোলারেরা। স্বভাবতই উত্তেজিত প্রসিদ্ধ। এ নিয়ে তিনি বলেছেন, ‘‘নিউ জ়িল্যান্ড সফর সম্পূর্ণ অন্য রকম চ্যালেঞ্জ। ক্রিকেট খেলার জন্য দুর্দান্ত জায়গা। বোলারদের সব ব্যাপারে পরীক্ষা দিতে হয়। দক্ষতা, সহনশীলতা এবং দীর্ঘ সময় বা দফায় দফায় বল করার মতো চ্যালেঞ্জ থাকবে। আপাতত আমরা সাধারণ বিষয়গুলো যাতে ঠিকঠাক হয়, সে ব্যাপারে গুরুত্ব দিচ্ছি। নিউ জ়িল্যান্ডে যাওয়ার পর সেখান পরিস্থিতি, পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। আসল হচ্ছে ঠিক মতো প্রস্তুতি। যাতে ওখানে গিয়ে যে কোনও ধরনের দায়িত্ব এবং চ্যালেঞ্জ সামলাতে পারি।’’ প্রসিদ্ধ আরও বলেছেন, ‘‘জোরে বোলার হিসাবে আমরা অবশ্যই পরীক্ষিত হব নিউ জ়িল্যান্ডে। ওখানে আমাদের নিয়ে প্রত্যাশাও অনেক বেশি থাকবে। এটাও একটা চ্যালেঞ্জ। আমি এই চ্যালেঞ্জের জন্য তৈরি হচ্ছি।’’

দেশের হয়ে এখনও পর্যন্ত ২৮টি এক দিনের ম্যাচে ৫০টি উইকেট পেয়েছেন প্রসিদ্ধ। আটটি টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছেন ৯টি উইকেট। এ ছাড়া ন’টি টেস্টে ৩২টি উইকেট পেয়েছেন। ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও প্রথম দিকে জাতীয় দলে নিয়মিত হতে পারেননি প্রসিদ্ধ।

India Vs West Indies ICC ODI World Cup 2027 New Zealand Prasidh Krishna ODI

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy