এশিয়ান গেমসে ২৮ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। তার ছ’দিন আগে, নতুন একটি দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলবে তারা। শুক্রবার এই ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
একটি বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ২২ সেপ্টেম্বর, সকাল ৯.৩০টায় তোচিগি প্রিফেকচারের সানো আন্তর্জাতিক ক্রিকেট মাঠে জাপানের বিরুদ্ধে খেলবে ভারত। বোর্ড জানিয়েছে, ভারত এবং জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে এই ম্যাচ আয়োজন করা হবে। এই ম্যাচ সুজুকি কাপের অন্তর্গত।
‘স্পোর্টস ৭৫’ প্রকল্পের প্রথম ধাপ হিসাবে এই ম্যাচ আয়োজন করা হচ্ছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটি চুক্তি সই হওয়ার পরেই এই প্রকল্প শুরু করা হয়। খেলাধুলোয় ভারত এবং জাপানের মধ্যে মানব সম্পদ আদান-প্রদান এবং সহযোগিতা করা হবে এই প্রকল্পের সাহায্যে। ২০৩৬-এ ভারত অলিম্পিক্স এবং প্যারালিম্পিক্স আয়োজন করতে চায়। তাতেও সাহায্য করবে জাপান।
বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া বলেছেন, “এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে বিসিসিআই গর্বিত। জাপানে একটি বিশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ক্রিকেটের জন্য এটি একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত। ভারত একটি নতুন দেশে খেলতে যাবে এবং জাপান ও পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে ক্রিকেট খেলাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে।”
আরও পড়ুন:
তিনি আরও বলেন, “ভারত এবং জাপানের মধ্যে শক্তিশালী এবং দীর্ঘমেয়াদি সম্পর্ক এবং বন্ধুত্ব রয়েছে। দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ক্রিকেটকে এর অংশ করা হয়েছে এটা ভেবে আমরা সম্মানিত। এই ম্যাচ আয়োজনে সাহায্য করার জন্য জাপান ক্রিকেট সংস্থাকে ধন্যবাদ।”