লখনউয়ে ১৭১। রাঁচীতে ২৫২। ইনদওরে ২০৯। হায়দরাবাদে ২৪৭। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে চার ম্যাচে মোট ৮৭৯ রান দিয়েছেন ভারতীয় বোলারেরা। নিয়েছেন ২৪ উইকেট। পর পর দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন দলের বোলারদের এই দশা শেষ কবে দেখা গিয়েছে মনে পড়ছে না। কিন্তু এই পরিস্থিতিতে ময়ঙ্ক যাদব, অর্শদীপ সিংহদের ঢাল হয়ে দাঁড়ালেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল।
শনিবার বেঙ্গালুরুতে সিরিজ়ের শেষ ম্যাচ। তার আগে সাংবাদিক বৈঠকে বোলারদের ধকলের কথা জানিয়েছেন মর্কেল। তিনি বলেন, “আমি সমাজমাধ্যমে অনেক কিছুই পড়ছি। একটা কথা আমরা অনেক সময় ভুলে যাই যে মানসিক ধকল বলেও কিছু আছে। সেটা আমাদের সামলাতে হয়।”
বোলারদের এই অবস্থার জন্য সূচিকে দায়ী করেছেন মর্কেল। তাঁর কথায়, “যখন আপনি বিশ্রামের পর্যাপ্ত সময় পান, তখন মানসিক ভাবে ফুরফুরে থাকেন। সেই সময় পরিকল্পনা অনেক ভাল ভাবে কাজে লাগানো যায়। আমাদের কাছে সময় কম। এই সিরিজ় শেষ হতেই নিউ জ়িল্যান্ডে যেতে হবে। ফলে বোলারদের বিশ্রামই হচ্ছে না।”
আরও পড়ুন:
এই ধকলের মধ্যেও ভারতীয় বোলারেরা যে পরিশ্রম করেছেন, তার প্রশংসা করেছেন মর্কেল। তিনি বলেন, “আমি ওদের সম্মান করি। এই ঠাসা সূচির মধ্যেও ওরা নিজেদের ১০০ শতাংশ দিচ্ছে। এশিয়ান গেমস থেকে টানা ক্রিকেট চলছে। ওরা মানসিক ভাবে বিধ্বস্ত। তার পরেও চেষ্টা করে যাচ্ছে। ওরাও তো মানুষ। সেটা বুঝতে হবে।”
তবে এই সিরিজ়ে নিজেদের সেরা পেসার জসপ্রীত বুমরাহকে পায়নি ভারত। রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তীও নেই। পাশাপাশি শিশিরের কারণেও বোলারদের কিছুটা সমস্যা হচ্ছে। তবে তার পরেও বোলারদের পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠছে। বোলিং কোচ হিসেবে তার দায় মর্কেলের উপরেও পড়ে। অথচ সেই মর্কেলই বোলারদের ঢাল হয়ে দাঁড়াচ্ছেন।