আগে যুবরাজ সিংহকে সহকারী তথা ব্যাটিং কোচ করেছিল দিল্লি ক্যাপিটালস। এ বার আরও এক সহকারী পেলেন প্রধান কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়। শ্রীলঙ্কার প্রাক্তন বিশ্বজয়ী পেসার চামিণ্ডা ভাসকে বোলিং কোচ করল আইপিএলের দল।
ভাসের যোগদানের কথা একটি পোস্টে জানিয়েছে দিল্লি। অর্থাৎ, পুরো কোচিং দলই বদলে ফেলল তারা। খেলোয়াড় জীবনে সৌরভ ও ভাস একে অপরের বিরুদ্ধে বহু ম্যাচ খেলেছেন। পোড়খাওয়া পেসারকে দলের বোলিং আক্রমণের দায়িত্ব দিলেন দিল্লির কর্তারা।
১১১ টেস্টে ৩৫৫ ও ৩২২ এক দিনের ম্যাচে ৪০০ উইকেট নিয়েছেন ভাস। গতি কম থাকলেও তাঁর সুইং ও নিয়ন্ত্রণ ব্যাটারদের সমস্যায় ফেলেছে। সচিন তেন্ডুলকরের মতো ব্যাটারও স্বীকার করেছেন, ভাসের বল খেলতে সমস্যা হত তাঁর। শ্রীলঙ্কার ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ভাস।
আরও পড়ুন:
৫২ বছরের ভাসের কোচিংয়ের অভিজ্ঞতাও রয়েছে। শ্রীলঙ্কার সিনিয়র দলেও কাজ করেছেন তিনি। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় আয়ারল্যান্ডের বোলিং কোচ ছিলেন তিনি। পরে নিউ জ়িল্যান্ডের পেস বোলিং পরামর্শদাতা হিসেবেও কাজ করেছেন। ভারতের মাটিতে কী ভাবে বল করলে সুবিধা, সেই অভিজ্ঞতা তাঁর রয়েছে।
গত ৬ অক্টোবর সৌরভকে দিল্লির প্রধান কোচ করা হয়েছে। আগে এই দলে মেন্টর ও ডিরেক্টর অফ ক্রিকেটের দায়িত্ব সামলালেও প্রধান কোচের দায়িত্ব প্রথম বার সামলাবেন তিনি। সেখানে যুবরাজ ও ভাসকে পাবেন তিনি। আইপিএলের প্রথম মরসুম থেকে খেললেও এখনও আইপিএল জিততে পারেনি দিল্লি। সেই খরা কাটাতে এ বার আগে থেকে প্রস্তুতি নিচ্ছে তারা। কোচিং দলে বদল দেখেই সেটা বোঝা যাচ্ছে।