নতুন ভূমিকায় জেমাইমা রদ্রিগেস। সুইৎজ়ারল্যান্ডের পর্যটন দূত হলেন ভারতের মহিলা ক্রিকেটার। ভারতের জন্য তাদের নতুন ‘ফ্রেন্ডশিপ অ্যাম্বাসাডর’ হিসেবে জেমাইমার নাম ঘোষণা করেছে সুইৎজ়ারল্যান্ড।
সুইৎজ়ারল্যান্ড ট্যুরিজমের সিইও মার্টিন নাইডেগার বৃহস্পতিবার বেঙ্গালুরুতে এই ঘোষণা করেন। মধুচন্দ্রিমা থেকে শুরু করে পারিবারিক ছুটি কাটানো—ভারতীয়দের পছন্দের তালিকায় সুইৎজ়ারল্যান্ড উপরের দিকে রয়েছে।
জেমাইমার সঙ্গে তাঁদের নতুন সম্পর্কের কথা বলতে গিয়ে নাইডেগার বলেন, “ভারত এবং সুইৎজ়ারল্যান্ডের মধ্যে বহু বছর ধরে একটি বিশেষ সম্পর্ক রয়েছে। প্রতিটি প্রজন্মের সঙ্গে সেই সম্পর্ক বিকশিত হচ্ছে। জেমাইমাও স্বাভাবিক ভাবেই তারই অংশ। তাঁর উষ্ণতা এবং মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষমতা তাঁকে এই ভূমিকার জন্য উপযুক্ত করে তুলেছে। ভারতের জন্য আমাদের ফ্রেন্ডশিপ অ্যাম্বাসাডর হিসেবে তাঁকে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’’
জেমাইমা বলেন, “ভারতের প্রতিনিধিত্ব করা সব সময়ই আমার কাছে বিশেষ কিছু। এই নতুন সম্পর্কের ব্যাপারে যা আমাকে সবচেয়ে বেশি রোমাঞ্চিত করছে, তা হল সুইৎজ়ারল্যান্ডকে আমাদের জানা এবং আবিষ্কার করার সুযোগ। সুইৎজ়ারল্যান্ড ট্যুরিজমের সঙ্গে এই যাত্রা শুরু করতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত।’’
অনুষ্ঠানে ছিলেন সুইৎজ়ারল্যান্ড ট্যুরিজমের ভারতের ডিরেক্টর ক্রিশ্চিয়ান শচ।