আন্তর্জাতিক ক্রিকেটে পা দিয়েই নজর কাড়ল বৈভব সূর্যবংশী। জ়িম্বাবোয়েতে জোড়া অর্ধশতরানের সঙ্গে সিরিজ়ের সেরা হওয়ার পুরস্কার পেল সে। আইসিসির ক্রমতালিকায় বিরাট লাফ দিল বৈভব। এক সিরিজ় খেলেই প্রথম ৫০-এ ঢুকে পড়ল সে। অন্য দিকে এক দিনের ক্রমতালিকায় শীর্ষে উঠেছেন শুভমন গিল।
টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় ২৩০ ধাপ উঠেছে বৈভব। আপাতত সে রয়েছে ৪৮ নম্বরে। বৈভবের রেটিং পয়েন্ট ৫৩৬। ভারতীয় ব্যাটারদের মধ্যে আট নম্বরে রয়েছে সে। আইসিসির ক্রমতালিকায় এক সিরিজ়ে এতটা উত্থান দেখা যায়নি। সাধারণত, ধাপে ধাপে ক্রিকেটারেরা উপরে ওঠেন। কিন্তু বৈভব উল্কার গতিতে উঠছে। পরের সিরিজ়ে রান পেলে আরও উপরে উঠবে সে।
টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে ঈশান কিশন। তাঁর পয়েন্ট ৯১০। তিন নম্বরে রয়েছেন অভিষেক শর্মা। ৮১৯ পয়েন্ট তাঁর। দু’ধাপ উঠেছেন তিলক বর্মা। ৭৫০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে তিনি। সাত ধাপ উঠেছেন ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়স আয়ার। বৈভবের আগে থাকা বাকিরা হলেন সূর্যকুমার যাদব (১৯), শ্রেয়স আয়ার (২৪), শিবম দুবে (৩০) ও সঞ্জু স্যামসন (৩৩)।
আরও পড়ুন:
ইংল্যান্ড সিরিজ়ে রান পাওয়ায় এক দিনের ক্রিকেটে আবার শীর্ষে উঠেছেন শুভমন। তাঁর পয়েন্ট ৮০১। নিউ জ়িল্যান্ডের ড্যারিল মিচেলকে আবার টপকে গিয়েছেন তিনি। তালিকায় তিন ও চার নম্বরে রয়েছেন যথাক্রমে বিরাট কোহলি ও রোহিত শর্মা। এখন এই একটি ফরম্যাটেই খেলেন দুই তারকা। নিজেদের জায়গা ধরে রেখেছেন তাঁরা। ১৩ নম্বরে রয়েছেন শ্রেয়স আয়ার। লোকেশ রাহুল রয়েছেন ১৮ নম্বরে।