Advertisement
E-Paper

গম্ভীরের এক মন্ত্রে বদলে গিয়েছে দলের মানসিকতা, এখন প্রথম বল থেকেই ছক্কা মারার কথা ভাবি! বললেন তিলক

দু’ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ় জিতে গিয়েছে ভারত। এ বার তিলক বর্মাদের সামনে অন্য লক্ষ্য। সিরিজ় চুনকামের দিকে নজর তাঁদের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ ১৩:০৯
cricket

তিলক বর্মা। —ফাইল চিত্র।

ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ় সেরে দম ফেলার আগেই নিউ জ়িল্যান্ডে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। সম্পূর্ণ অন্য পরিবেশ। অন্য ধরনের পিচ। সেখানে প্রথম তিন ম্যাচে নিউ জ়িল্যান্ডকে হারিয়ে দু’ম্যাচ বাকি থাকতেই সিরিজ় জিতে নিয়েছেন তাঁরা। কী ভাবে এতটা দাপট দেখাচ্ছেন শ্রেয়স আয়ারেরা? নেপথ্যে রয়েছে প্রধান কোচ গৌতম গম্ভীরের একটি মন্ত্র। সেই মন্ত্রেই দলের মানসিকতা বদলে গিয়েছে বলে জানালেন সহ-অধিনায়ক তিলক বর্মা।

চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের আগে সাংবাদিকদের সামনে দলের পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে তিলক বলেন, “এই পর্যায়ে অজুহাত দেওয়ার কোনও জায়গা নেই। আমরা সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলছি। এখানে সব রকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। আমাদের একটা মান তৈরি করতে হবে, যাতে পরবর্তী প্রজন্ম তা দেখে অনুপ্রাণিত হয়।”

নিউ জ়িল্যান্ডে পা দেওয়ার পরেই কোচ গম্ভীর তাঁদের একটি মন্ত্র দিয়েছিলেন। তাতেই গোটা দলের মানসিকতা বদলে গিয়েছে বলে জানিয়েছেন তিলক। তিনি বলেন, “গৌতম স্যার একটা কথা পরিষ্কার করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এটা লম্বা সফর। তাই টি-টোয়েন্টি সিরিজ়েই আমাদের এমন শুরু করতে হবে, যাতে এক দিন ও টেস্ট সিরিজ়ের মনোবল পাওয়া যায়। টি-টোয়েন্টি সিরিজ়ে আমাদের দাপট দেখাতে হবে। সেটাই আমরা করছি।”

সিরিজ় জেতা হয়ে গিয়েছে। এ বার নজর চুনকামের দিকে। তিলক স্পষ্ট করে দিয়েছেন, “এখন আমরা চুনকামের কথা ভাবছি। এটাই আমাদের পরবর্তী লক্ষ্য। নিউ জ়িল্যান্ডের মাটিতে ওদের চুনকাম করলে আমাদের সমর্থকদের মুখের হাসি আরও চওড়া হবে।”

আগে ভারতের ব্যাটিং অর্ডারে তিন নম্বরে নামতেন তিলক। কিন্তু এখন তাঁর ভূমিকা বদলে গিয়েছে। এখন ফিনিশারের ভূমিকায় দেখা যায় তাঁকে। সেই মতো নিজের খেলার ধরনও বদলে ফেলেছেন তিলক। তিনি বলেন, “আমার পাওয়ার গেম আগে থেকেই ছিল। কিন্তু আগে নেমে কয়েকটা বল দেখে খেলতাম। সিঙ্গল বা ডাবল নেওয়ার চেষ্টা করতাম। এখন মানসিকতা বদলে গিয়েছে। এখন প্রথম বল থেকে ছক্কা মারার চেষ্টা করি। মারার বল পেলে প্রথম বলেই মারি। এই দায়িত্ব ভাল লাগছে। কঠিন পরিস্থিতি থেকে দলকে জেতানোর মজাই আলাদা।”

India Vs New Zealand Tilak Varma Gautam Gambhir Team India

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy