দু’ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ় হেরে গিয়েছে নিউ জ়িল্যান্ড। হারের ধাক্কার পাশাপাশি এ বার চোটের ধাক্কা কিউয়ি শিবিরে। চোটের কারণে ভারতের বিরুদ্ধে বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারবেন না পেসার লকি ফার্গুসন।
জানা গিয়েছে, ফার্গুসনের পায়ের পেশিতে চোট লেগেছে। সেই কারণে বাকি দুই ম্যাচে নেই তিনি। তবে ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের আগে ফার্গুসন সুস্থ হয়ে উঠতে পারেন বলেই খবর।
এর আগে চোটের কারণে ভারত-নিউ জ়িল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন ঈশান কিশন। তাঁর বদলে খেলছে বৈভব সূর্যবংশী। এ বার নিউ জ়িল্যান্ড শিবিরকেও সমস্যায় ফেলল চোট।
আরও পড়ুন:
ফার্গুসন দলের অভিজ্ঞ পেসার হলেও প্রথম তিন ম্যাচে অবশ্য খুব একটা ভাল খেলতে পারেননি। প্রথম ম্যাচে তিন ওভারে ৩৪ রান দেন তিনি। নেন ১ উইকেট। দ্বিতীয় ম্যাচে তিন ওভারে ৩৭ রান দিয়ে একটিও উইকেট পাননি। অর্থৎ, দুই ম্যাচেই পুরো চার ওভার করানো যায়নি তাঁকে দিয়ে। তৃতীয় ম্যাচে প্রথম একাদশে সুযোগ পাননি। এ বার জানা গেল, বাকি দুই ম্যাচেও খেলতে পারবেন না তিনি।
ইতিমধ্যেই সিরিজ় হেরে গিয়েছে নিউ জ়িল্যান্ড। তবে বাকি দুই ম্যাচ তাদের কাছে সম্মানরক্ষার। নিউ জ়িল্যান্ডের মাটিতে গিয়ে যদি ভারত তাদের চুনকাম করে তা হলে তা লজ্জার। সেই কারণে প্রত্যাবর্তনের চেষ্টা করবেন মিচেল স্যান্টনারেরা। সেই লড়াইয়ে অভিজ্ঞ পেসারকে পাবেন না তাঁরা।