একসঙ্গে আইপিএলের দুই দলে খেলেছেন তাঁরা। তার মধ্যে একটি দলের অধিনায়কত্ব থেকে মহেন্দ্র সিংহ ধোনিকে সরিয়ে দেওয়ায় অবাক হয়েছিলেন ফাফ দু’প্লেসি। সেই পুরনো স্মৃতি শোনা গেল দু’প্লেসির মুখে।
চেন্নাই সুপার কিংস ছাড়াও রাইজ়িং পুণে সুপারজায়ান্টসে ধোনির সঙ্গে খেলেছেন দু’প্লেসি। ২০১৬ সালে সেই দলে অধিনায়ক থাকলেও ২০১৭ সালে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় ধোনিকে। বদলে অধিনায়ক করা হয় স্টিভ স্মিথকে। সে বার পুণে ফাইনালে উঠে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারে। কিন্তু ধোনিকে সরিয়ে দেওয়ায় অবাক হয়েছিলেন দু’প্লেসি।
‘ইএসপিএন ক্রিকইনফো’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ৯ বছরের পুরনো কথা জানিয়েছেন দু’প্লেসি। তিনি বলেন, “২০১৬ সালের আইপিএলের মরসুমে আমরা ধোনির নেতৃত্বে খেলেছিলাম। কিন্তু পরের মরসুমের আগে ধোনিকে সরিয়ে দেওয়া হল। ওর মতো এক অধিনায়ককে অসম্মান করা হয়েছিল। আমরা কয়েকটা ম্যাচ জিততে পারিনি। সেটা হতেই পারে। তাই বলে ধোনিকে সরিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত যে মালিক নিতে পারে, তা ভাবতে পারিনি। আমি অবাক হয়েছিলাম। আমার মতো অনেকেই অবাক হয়েছিল।”
আরও পড়ুন:
অবশ্য দায়িত্ব পেয়ে স্মিথ ভাল নেতৃত্ব দিয়েছিলেন বলেই মনে করেন দু’প্লেসি। তিনি বলেন, “ধোনিকে সরিয়ে স্মিথকে অধিনায়ক করা হল। তখন ও নতুন নতুন অধিনায়ক হয়েছে। অতটা অভিজ্ঞতা ছিল না। কিন্তু ও ভালই নেতৃত্ব দিয়েছিল।”
তবে ধোনি থাকলে হয়তো ফাইনাল তাঁরা জিততে পারতেন বলেই মনে করেন দু’প্লেসি। তিনি বলেন, “স্মিথ দলকে ফাইনালে তুলেছিল। আমাদের জেতা উচিত ছিল। এমন কোনও কঠিন লক্ষ্য ছিল না। কিন্তু আমরা পারিনি। ধোনি থাকলে হয়তো বিষয়টা অন্য রকম হত। ও চেন্নাইকে পাঁচ বার জিতিয়েছে। ওর মতো অধিনায়ক থাকা যে কোনও দলের কাছে বড় শক্তি।”