Advertisement
E-Paper

বুমরাহ-সহ পাঁচ ক্রিকেটারের চোট, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের দল বাছতে সমস্যায় আগরকরেরা

ইংল্যান্ড সফর থেকেই চোট-আঘাতে জর্জরিত ভারত। শেষ ম্যাচের পর ক্রিকেটারদের ফিটনেস নিয়ে হতাশা গোপন করেননি শুভমন গিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগেও তাঁকে উদ্বেগে রাখবে একাধিক ক্রিকেটারের চোট।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৬ ১৭:১৪
Picture of Cricket

(বাঁ দিকে) অজিত আগরকর এবং গৌতম গম্ভীর (ডান দিকে)। — ফাইল চিত্র।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টেস্টের সিরিজ়ের আগে ভারতীয় শিবিরের উদ্বেগ ক্রিকেটারদের ফিটনেস। মঙ্গলবারের মধ্যে দল ঘোষণার কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দেবজিৎ শইকীয়া। কোন ১৫ জনকে শ্রীলঙ্কায় পাঠাবেন, সেটাই এখন চ্যালেঞ্জ অজিত আগরকরদের।

ইংল্যান্ড সফরের সময় থেকেই চোট-আঘাত সমস্যায় জর্জরিত ভারত। শেষ ম্যাচের পর ক্রিকেটারদের ফিটনেস নিয়ে হতাশা গোপন করেননি শুভমন গিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগেও তাঁকে উদ্বেগে রাখবে একাধিক ক্রিকেটারের চোট। ইংল্যান্ডে এক দিনের সিরিজ়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। দেশে ফিরে তিনি চলে যান বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে। তাঁর চোট এখনও সারেনি। বোর্ডের চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ওয়াশিংটনের খেলার সম্ভাবনা নেই। দ্বিতীয় টেস্টে খেলা নির্ভর করবে তাঁর ফিটনেসের পরিস্থিতির উপর।

সংশয় তৈরি হয়েছে জসপ্রীত বুমরাহকে নিয়েও। তিনিও ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ খেলতে পারেননি হাঁটু ফুলে যাওয়ায়। বিসিসিআই সূত্রে খবর, তিনি ৩০ জুলাই ফিটনেস পরীক্ষা দেবেন সেন্টার অফ এক্সেলেন্সে। বুমরাহকে পরীক্ষা করার পর সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা। সাই সুদর্শন, হর্ষিত রানা, নীতীশ রেড্ডিদের ফিটনেস নিয়েও প্রশ্ন রয়েছে। হর্ষিতকে পাওয়া যাবে না শ্রীলঙ্কা সফরে। নীতীশেরও প্রথম টেস্টে খেলার সম্ভাবনা নেই। আশা করা হচ্ছে, সুদর্শনকে পাওয়া যাবে পুরো সিরিজ়ে। যদিও তাঁকে এখনও ছাড়পত্র দেননি বোর্ডের চিকিৎসকেরা। এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচকেরা তাকিয়ে রয়েছেন বোর্ডের চিকিৎসকদের রিপোর্টের দিকে। সম্ভবত বুমরাহ, সুদর্শন, ওয়াশিংটন এবং নীতীশকে রেখেই টেস্ট দল ঘোষণা করা হবে। শেষ পর্যন্ত কেউ খেলতে না পারলে পরিবর্ত ক্রিকেটারের নাম জানানো হবে।

৪ জুলাই শ্রীলঙ্কায় যাবে ভারতীয় দল। সেখানে গিয়ে টেস্ট সিরিজ়ের প্রস্তুতি শুরু করবেন গৌতম গম্বীর। টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভাল জায়গায় নেই ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টেস্টের সিরিজ় তাই ভারতীয় শিবিরের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট শুরু ১৫ অগস্ট। তার আগে একটি চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল।

India vs Sri Lanka test cricket Injury Jasprit Bumrah BCCI Ajit Agarkar

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy