আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর নতুন করে আলোচনার কেন্দ্রে বৈভব সূর্যবংশী। ২০২৫ সালের এপ্রিলে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলার সময় থেকেই ১৫ বছরের ব্যাটার ক্রিকেটমহলের নজরে। গত আইপিএলে সবচেয়ে বেশি রান করে কমলা টুপি জেতার পর তাকে ভারতীয় দলে নেওয়ার দাবি উঠতে শুরু করে। আইপিএলে সবচেয়ে মূল্যবান ক্রিকেটারের পুরস্কারও পায় বৈভব। সে সময় রাজস্থান রয়্যালসের নেওয়া তার একটি সাক্ষাৎকার নতুন করে আলোচনায় উঠে এসেছে।
আইপিএল শেষ হওয়ার পর রাজস্থান কর্তৃপক্ষ একসঙ্গে সাক্ষাৎকার নেন দলের সবচেয়ে কম বয়সী এবং সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটারের। বৈভব এবং রবীন্দ্র জাডেজাকে একই প্রশ্ন করা হয়। তার মধ্যে একটি প্রশ্ন ছিল, অন্তত এক জন বোলারের নাম বলুন, যাঁর বিরুদ্ধে বল করতে চান না। প্রশ্ন শুনেই ১৪ বছরের (সে সময়ের বয়স) ব্যাটার চার শব্দে উত্তর দেয়, ‘‘এখন তেমন কেউ নেই’’। পরে বৈভব বলে, ‘‘আইপিএলের কথা বলছেন? এখনও তেমন কোনও বোলারকে পাইনি।’’ জাডেজার উত্তর ছিল, ‘‘জফ্রা আর্চার। ভাগ্য ভাল ও আমাদের দলের হয়েই খেলে।’’
আইপিএলের সেরা ম্যাচ হিসাবে বৈভব বেছে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে গুয়াহাটিতে খেলা ম্যাচটিকে। কিশোর ব্যাটার বলেছিল, ‘‘গত বছর আমরা দুটো ম্যাচই হেরেছিলাম বেঙ্গালুরুর কাছে। এ বার ওই ম্যাচটা আমরা সবাই জিততে চেয়েছিলাম। ওটাই সেরা ম্যাচ।’’
আরও পড়ুন:
বিপজ্জনক বোলার হিসাবে কারও নাম নিতে চায়নি বৈভব। তবে গত ইংল্যান্ড সফরে আইপিএলের সতীর্থ আর্চারই সবচেয়ে সমস্যায় ফেলেছিলেন বৈভবকে। তিনটি টি-টোয়েন্টি ম্যাচের একটিতেও চেনা মেজাজে দেখা যায়নি বৈভবকে। তিনটি ম্যাচে বৈভব করে যথাক্রমে ১৪, ১৩ এবং ১৫ রান। প্রথম দু’টি ম্যাচে আর্চারই আউট করেন বৈভবকে।