চোটে জর্জরিত ভারতীয় দল। এই পরিস্থিতিতে অগস্ট মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ় খেলবে ভারত। তার জন্য ১৫ জনের দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। চোটে জসপ্রীত বুমরাহের খেলা অনিশ্চিত। নেই নীতীশ কুমার রেড্ডি ও হর্ষিত রানা। চোট সারিয়ে আবার ভারতের টেস্ট দলে ফিরেছেন অভিজ্ঞ রবীন্দ্র জাডেজা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই কঠিন ভারতের সামনে। তার জন্য শ্রীলঙ্কাকে দু’টি টেস্টেই হারাতে হবে। কিন্তু সেখানেই ভারতের সেরা অস্ত্র বুমরাহের খেলা অনিশ্চিত। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি এক দিনের ম্যাচে খেললেও তৃতীয় ম্যাচে খেলেননি বুমরাহ। জানা গিয়েছে, শ্রীলঙ্কা সফরের আগে বেঙ্গালুরুর উৎকর্ষ কেন্দ্রে (সেন্টার অফ এক্সেলেন্স) গিয়ে ফিটনেস টেস্ট দিতে হবে তাঁকে। ছাড়পত্র পেলে তবেই খেলতে পারবেন বুমরাহ।
একই শর্ত রয়েছে সাই সুদর্শনের জন্যও। তাঁকেও সিরিজ়ের আগে বেঙ্গালুরুর উৎকর্ষ কেন্দ্রে যেতে হবে। ফিটনেস টেস্ট পাশ করতে পারলে তবেই খেলতে পারবেন এই বাঁহাতি ব্যাটার। অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর প্রথম টেস্টের জন্য নেই। দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে তাঁকে।
ওয়াশিংটন না থাকার কারণেই সম্ভবত দলে ফেরানো হয়েছে জাডেজাকে। আইপিএলে চোট পেয়েছিলেন তিনি। সেই চোট কাটিয়ে উঠেছেন ভারতের অভিজ্ঞ বাঁহাতি অলরাউন্ডার। জাডেজা ছাড়াও স্পিনার হিসাবে রয়েছেন কুলদীপ যাদব ও মানব সুতার। প্রথম শ্রেণির ক্রিকেটে মধ্যপ্রদেশের হয়ে ১৮১ উইকেট নেওয়া সারাংশ জৈনকেও দলে নেওয়া হয়েছে। শ্রীলঙ্কার উইকেটে স্পিনারেরা সুবিধা পান। তাই বেশি স্পিনার রাখা হয়েছে। শ্রীলঙ্কায় অভিষেক হতে পারে সারাংশের।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
শুভমন গিলের নেতৃত্বে শ্রীলঙ্কায় যাচ্ছে ভারত। সহ-অধিনায়ক লোকেশ রাহুল। ব্যাটিং বিভাগে বেশি বদল নেই। যশস্বী জায়সবাল ওপেন করবেন। দুই উইকেটরক্ষক ঋষভ পন্থ ও ধ্রুব জুরেল রয়েছেন দলে। প্রয়োজনে জুরেলকে ব্যাটার হিসাবে খেলানো হতে পারে। মিডল অর্ডারে খেলা দেবদত্ত পড়িক্কলকেও নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
বুমরাহ অনিশ্চিত থাকায় পেস আক্রমণের দায়িত্ব সামলাতে হতে পারে মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ ও গুরনুর ব্রারকে। এক দিনের দলে নজর কাড়ায় এ বার টেস্ট দলেও জায়গা হয়েছে পঞ্জাবের পেসার গুরনুরের। তবে জায়গা পাননি আকাশদীপ। এখনও তিনি পুরো সুস্থ নন। তাই হয়তো তাঁকে নেওয়া হয়নি।
১৫ অগস্ট থেকে শুরু টেস্ট সিরিজ়। গলে হবে প্রথম টেস্ট। ২৩ অগস্ট থেকে কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলবে ভারত। সিরিজ় শুরুর আগে ৭ অগস্ট থেকে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন শুভমনেরা।