জসপ্রীত বুমরাহের ফিটনেস নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের জন্য তৈরি রাখা হচ্ছে প্রিন্স যাদবকে। বুমরাহ ফিটনেস পরীক্ষায় পাশ করতে না পারলে, তাঁকে খেলানো হবে না। চোটের জন্য খেলার বাইরে থাকা অন্য ক্রিকেটারদেরও পরীক্ষা দিতে হবে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুমরাহ ছাড়াও ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি এবং হর্ষিত রানাকে পরীক্ষা দিতে হবে। শুধু ফিটনেস পরীক্ষা নয়, তাঁদের ম্যাচ সিমুলেশন পরীক্ষাও হবে। প্রতিযোগিতামূলক ম্যাচের ধকল তাঁরা নিতে পারবেন না কিনা, সে ব্যাপারে নিশ্চিত হবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চিকিৎসকেরা। সব কিছু ঠিক থাকলে তবেই এই চার ক্রিকেটারকে খেলার ছাড়পত্র দেওয়া হবে। চিকিৎসকদের রিপোর্ট পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অজিত আগরকরেরা।
বিসিসিআইয়ের এক কর্তা ওই সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘সেন্টার অফ এক্সেলেন্সের মেডিক্যাল টিম গত সপ্তাহে নির্বাচকদের রিপোর্ট পাঠিয়েছে। তাতে বলা হয়েছে, চার জনের কারও ফিটনেস নিয়ে সমস্যা নেই। তবে প্রস্তুতি ম্যাচে দেখে নেওয়া হবে তাঁরা ধকল নিতে পারছেন কিনা। সেন্টার অফ এক্সেলেন্সে ৪ থেকে ৯ সেপ্টেম্বরের মধ্যে একাধিক অনুশীলন ম্যাচ খেলানো হবে। চিকিৎসকেরা মনে করছেন, চার জনই আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন। তা-ও চূড়ান্ত ছাড়পত্র দেওয়ার আগে সব কিছু ভাল ভাবে খতিয়ে দেখে নেওয়া হবে।’’
দিল্লিতে শ্রেয়স আয়ারেরা পৌঁছোবেন ১০ সেপ্টেম্বর। বুমরাহ, ওয়াশিংটন, নীতীশ এবং হর্ষিত ছাড়পত্র পেলে বেঙ্গালুরু থেকে সরাসরি দিল্লি যাবেন। তবে তৈরি রাখা হচ্ছে প্রিন্সকেও। গত জুনে আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের আন্তর্জাতিকে অভিষেক হয়েছিল প্রিন্সের। গত ২৫ জুলাই জ়িম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন প্রিন্স। তাঁকে অবশ্য আগেই খেলার ছাড়পত্র দিয়েছেন বোর্ডের চিকিৎসকেরা।
ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ় শুরু হবে ১৩ সেপ্টেম্বর। ১৫ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ এবং ১৭ সেপ্টেম্বর তৃতীয় ম্যাচ হবে। তিনটি ম্যাচই হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।