আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ২০০৪ সাল থেকে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার দিচ্ছে। সেরা উদীয়মান ক্রিকেটারকেও পুরস্কার দেওয়া হয়। তবে ২০২৫ সালে প্রথম বার এই পুরস্কার দেওয়া হয়নি। কারণ বর্ষসেরা পুরস্কারের জৌলুস বাড়াতে নতুন পরিকল্পনা নিয়েছে জয় শাহের আইসিসি।
ফুটবলের মতো বড় অনুষ্ঠান করে বর্ষসেরা পুরস্কার দিতে চাইছে আইসিসি। ২০২৬ সালও প্রায় শেষ। ২০২৫ সালের পুরস্কারও দেওয়া হয়নি। জয়রা চাইছেন, একসঙ্গে দু’বছরের পুরস্কার দিতে। আইসিসির এক কর্তা ইংল্যান্ডের একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘আইসিসি বেশ কয়েক বছর ধরে ডিজিটাল পদ্ধতিতে বার্ষিক পুরস্কার দিচ্ছে। এই পুরস্কার বিতরণের মঞ্চ কেমন হতে পারে বা কেমন হওয়া উচিত তা নতুন করে পরিকল্পনা করতে চাইছি আমরা। এ জন্য ইচ্ছাকৃত ভাবেই ২০২৫ সালের পুরস্কার প্রদান স্থগিত রাখা হয়েছিল। আইসিসি পরিকল্পনা চূড়ান্ত করার পর্যায় রয়েছে। আশা করা হচ্ছে, ২০২৭ সাল থেকে আবার পুরস্কার দেওয়া শুরু তবে। নতুন ভাবেই শুরু হবে।’’
তিনি আরও বলেছেন, ‘‘২০২৫ এবং ২০২৬ মিলিয়ে একটা মরসুম ধরা হবে। বার্ষিক পুরস্কারের উদ্যাপনকে আমরা আরও বড় এবং অর্থবহ করে তোলার চেষ্টা করছি। এই পুরস্কার প্রদান ক্রিকেটের জন্য একটা বিশ্বজনীন অনুষ্ঠানে পরিণত হতে পারে। নতুন উত্তেজনা তৈরি করতে পারে। আমাদের সামনে যে সুযোগ রয়েছে, সেটা কাজে লাগাতে চাইছি।’’
আরও পড়ুন:
টেস্ট, এক দিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টি ক্রিকেটে আলাদা বর্ষসেরার পুরস্কার দেয় আইসিসি। অ্যাসোসিয়েট সদস্য দেশগুলোর জন্যও রয়েছে আলাদা বর্ষসেরা পুরস্কার। দেওয়া সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারও। সব পুরস্কারই পুরুষ এবং মহিলা বিভাগে দেওয়া হয়। রয়েছে আরও কিছু পুরস্কার। বার্ষিক এই পুরস্কার প্রদান অনুষ্ঠানকেই উৎসবের রং দিতে চান জয়রা।