শনিবার শ্রীলঙ্কার সঙ্গে প্রথম টেস্টের প্রথম দিন কেএল রাহুলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান যশস্বী জয়সবাল। শুরুটা ভাল করেও দুর্ভাগ্যজনক ভাবে রান আউট হয়ে ফিরতে হয় তাঁকে। যশস্বীর রান আউটের নেপথ্যে রাহুলেরই দোষ দেখছেন ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার চেতেশ্বর পুজারা এবং আকাশ চোপড়া। দু’জনের মতে, রাহুল আর একটু সচেতন হলেই যশস্বীর আউট এড়ানো যেত।
এক ক্রিকেট ওয়েবসাইটে পুজারা বলেছেন, “আউটটা দুর্ভাগ্যজনক। ভুল বোঝাবুঝি হয়েছে। সত্যি বলতে, যখন যশস্বী মাটিতে পড়ে গিয়েছিল তখনই রাহুলের উচিত ছিল ক্রিজ়ে ফিরে যাওয়া। খুচরো রান নেওয়া উচিত হয়নি। টেস্টে একটা রান না পেলে কিছু হবে না। কিন্তু উইকেট হারালে চাপে পড়তে হবে। আমি যশস্বীর আউটকে দুর্ভাগ্যজনকই বলব।”
একই কথা বলেছেন আকাশও। তাঁর মতে, পড়ে যাওয়ার পর যশস্বী উঠে দাঁড়ালেও কোনও মতেই ব্যাটারের ক্রিজ়ে পৌঁছতে পারতেন না। আকাশের কথায়, “৩০তম টেস্ট ৩০ নম্বর মাঠে খেলতে নেমেছিল যশস্বী। ৩২ করার পর রান আউট হল। বোলারের সঙ্গে সংঘর্ষের পর পড়ে গিয়েছিল যশস্বী। তার পর উঠে দাঁড়ালেও কখনওই সময়ের মধ্যে ব্যাটারের প্রান্তে পৌঁছতে পারত না।”
আরও পড়ুন:
কেন রাহুলের দোষ ছিল তার ব্যাখ্যা করে আকাশ বলেছেন, “রাহুল দৌড় শুরু করে দিয়েছিল। বলের দিকে চোখ ছিল বলে সতীর্থকেই দেখেননি। টেস্ট ক্রিকেটে রান আউট হওয়া সত্যিই দুর্ভাগ্যজনক ব্যাপার। যোগাযোগই ছিল না দু’জনের মধ্যে।”