এক বছর আগে ভারত সফরের সময় তিনি কোচ গৌতম গম্ভীরের সঙ্গে ঝামেলা করেছিলেন। ক্ষিপ্ত গম্ভীর শুনিয়েও দিয়েছিলেন দু’-চার কথা। সারের সেই পিচ নির্মাতা আবার বিতর্কে। এ বার এক মাঠকর্মীকে খারাপ ভাবে অপমান করে কাঁদিয়েছেন তিনি। ফর্টিসকে ছুটিতে পাঠিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। তাঁকে আর ফেরানো না-ও হতে পারে।
ঘটনাটি ঘটেছে ২৮ জুলাই, অর্থাৎ এক মাস আগে। ওভালে দ্য হানড্রেড প্রতিযোগিতায় এমআই লন্ডন বনাম লন্ডন স্পিরিট ম্যাচের আগে মাঠকর্মীর সঙ্গে ঝামেলা হয় ফর্টিসের। ওই মাঠকর্মী পিচ প্রস্তুতির কাজে ব্যস্ত ছিলেন। তখনই কোনও একটি বিষয় নিয়ে সেই মাঠকর্মীর সঙ্গে ঝামেলা হয় ফর্টিসের। তিনি এতটাই খারাপ কথা বলেন যে ওই মাঠকর্মী কান্না চেপে রাখতে পারেননি। কাঁদতে কাঁদতেই মাঠ ছেড়ে বেরিয়ে যান। আর ফেরেননি।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর সারের মুখ্যকর্তা স্টিভ এলওয়ার্দি কথা বলেন ফর্টিসের সঙ্গে। পরে তিনি বলেছেন, “ক্লাব এবং কর্মচারীর সঙ্গে যা কথা হয়েছে তা ব্যক্তিগত। সেটা প্রকাশ্যে আনা উচিত নয়।” তবে বৈঠকের পর ফর্টিসকে ছুটিতে পাঠানো হয়েছে সারে কাউন্টির তরফে। তাঁকে হয়তো আর ফেরানো হবে না। সে ক্ষেত্রে দ্রুত নতুন পিচ নির্মাতা খুঁজতে হবে সারেকে। কারণ, পরের বছর ওই মাঠে অ্যাশেজ় এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার কথা।
আরও পড়ুন:
২০১২-য় ফর্টিসকে ওভালের প্রধান মাঠকর্মী হিসাবে নিয়োগ করা হয়। ২০২২-২০২৪— টানা তিন বছর তিনি ইংল্যান্ডের সেরা মাঠকর্মীর পুরস্কার পান। কিন্তু আচরণ বরাবরই সমস্যায় ফেলেছে তাঁকে।
গত বছর ওভালে ভারত-ইংল্যান্ড ম্যাচের আগে পিচ দেখতে যাওয়া নিয়ে গম্ভীরের সঙ্গে ফর্টিসের ঝামেলা লাগে। ক্ষিপ্ত গম্ভীর ফর্টিসকে বলেন, “আপনি শুধুই একজন মাঠকর্মী। তার বেশি কিছু নয়।” পরে সাংবাদিক বৈঠকে ব্যাটিং কোচ সীতাংশু কোটাক ফর্টিসকে ‘অহঙ্কারী’ বলে বর্ণনা করেন।