ক্রিকেটের নিয়ম পাল্টাচ্ছে প্রতি দিনই। নতুন নতুন নিয়ম তৈরি করা হচ্ছে খেলাকে জনপ্রিয় করার স্বার্থে। তেমনই কিছু নতুন নিয়ম চালু হয়েছে ১ অক্টোবর থেকে। গোলাপি বলের ট্রায়াল থেকে সময় নষ্টের শাস্তির মতো বিষয় যোগ হয়েছে। কী ভাবে সেই নিয়ম প্রয়োগ করবে আইসিসি।
‘টাইমস অফ ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে ক্রিকেটে আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ক্রিকেট ডিরেক্টর ফ্রেসার স্টুয়ার্ট জানিয়েছেন, গোলাপি বলের বিষয়টি কোনও নিয়ম নয়। বরং খেলা চালু করার একটি পরিস্থিতি হিসাবে দেখা উচিত। তাঁর কথায়, “ধরুন, ভারত এবং অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সিরিজ় খেলছে। তা হলে কোনও ম্যাচে গোলাপি বলে খেলা হবে কি না সেটা ওরা ঠিক করবে। কেউ কেউ ভেবেছিলেন খেলা শুরু হবে লাল বলে এবং অন্ধকার হয়ে গেলে গোলাপি বলে খেলা হবে। তা নয়। গোলাপি বলেই গোটা ম্যাচ খেলা হবে যদি দু’দল রাজি হয়। যদি ওরা মনে করে ম্যাচে আরও সময় নষ্ট হতে পারে, তা হলে গোলাপি বলে খেলতে পারে।”
আরও পড়ুন:
আধুনিক ক্রিকেটে সময় নষ্টের প্রবণতা বেড়ে চলেছে। তা রুখতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? স্টুয়ার্ট বলেছেন, “নিয়ম আগে থেকেই ছিল। তা প্রয়োগ করা হত কম। এখন আইসিসি জানিয়েছে, এ বার থেকে কঠোর ভাবে নয়ম প্রয়োগ করা হবে। যত বেশি খেলার গতি বাড়ানো যাবে তত ভাল। কারণ মানুষ প্রচুর টাকা দিয়ে খেলা দেখতে আসেন। ওঁদের বঞ্চিত করা উচিত নয়। আম্পায়ারদের বলতে হবে যে একটা নিয়ম রয়েছে। সময় নষ্ট হতে শাস্তি হিসাবে বিপক্ষকে পেনাল্টি রান দেওয়া হবে।”