Advertisement
E-Paper

বৈভবের পরীক্ষা নিতে চান নিউ জ়িল্যান্ডের কোচ, সিরিজ় শুরুর এক মাস আগেই হুঁশিয়ারি

আগ্রাসী ব্যাটিংয়ের জন্য ক্রিকেট বিশ্বের নজর কেড়েছে বৈভব সূর্যবংশী। গত দু’টি আইপিএল এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সাফল্যের পর ভারতীয় দলে সুযোগ পেয়েছে। দেশের হয়ে এখনও পর্যন্ত পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বৈভব।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৪
Picture of Cricket

বৈভব সূর্যবংশী। — ফাইল চিত্র।

এশিয়ান গেমসের পর নিউ জ়িল্যান্ড সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। ২২ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দু’দল। সিরিজ় শুরুর এক মাস আগেই বৈভব সূর্যবংশীকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন নিউ জ়িল্যান্ডের কোচ রব ওয়াল্টার। ১৫ বছরের কিশোরের পরীক্ষা নিতে চান তিনি।

আগ্রাসী ব্যাটিংয়ের জন্য ক্রিকেট বিশ্বের নজর কেড়েছে বৈভব। গত দু’টি আইপিএল এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সাফল্যের পর ভারতীয় দলে সুযোগ পেয়েছে। শ্রেয়স আয়ারের দলের প্রথম একাদশে নিয়মিত হতে না পারলেও দেশের হয়ে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বৈভব। আন্তর্জাতিক ক্রিকেটেও বৈভবের দক্ষতা এবং প্রতিভার ঝলক দেখা গিয়েছে। দেশের মাটিতে তার পরীক্ষা নিতে চান ওয়াল্টার। চাপের মুখে বৈভব কেমন পারফর্ম করে দেখতে চান তিনি।

একটি সাক্ষাৎকারে ওয়াল্টার বলেছেন, ‘‘দেখতে চাই দ্রুতগতির বাউন্সি পিচে বৈভব কেমন খেলে। ও দুর্দান্ত ব্যাটার। আইপিএলে বিশ্বের সেরা বোলারদের শাসন করেছে। তবে এত দিন মূলত চেনা পরিবেশে খেলেছে বৈভব। অচেনা পরিবেশের সঙ্গে কতটা মানিয়ে নিতে পারে দেখতে চাই। এখানকার পিচে ব্যাট করার জন্য ওকে কিছু পরিবর্তন করতে হবে। এখানকার পরিবেশে আমাদের বোলারদের সামলানো সহজ নয়।’’ তিনি আরও বলেছেন, ‘‘একজন কোচ হিসেবে বৈভবের ব্যাটিং দেখার জন্য অপেক্ষা করছি। কোচেরা সব সময় দেখতে চায়, চাপের মুখে একজন খেলোয়াড় কেমন পারফর্ম করে।’’

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে বৈভবের মাঠে নামা অবশ্য অনিশ্চিত। ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে তাকে একটাও ম্যাচ খেলাননি ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, বৈভবকে এখন অপেক্ষা করতে হবে। তা অজানা নয় ওয়াল্টারের। কিউয়ি কোচ বলেছেন, ‘‘বৈভবকে খেলানো হবে কি না জানি না। ভারতীয় দলে ভাল ক্রিকেটারের অভাব নেই। তা-ও এখানকার পিচ এবং পরিবেশে বৈভবের ব্যাটিং দেখতে চাইব।’’

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ফলে বৈভবের খেলার সম্ভাবনা রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ়ে বিহারের ব্যাটারকে দু’টি ম্যাচ খেলিয়েছিলেন গম্ভীর। প্রথম একাদশের নিয়মিত ক্রিকেটারদের ধকল কমাতে নিউ জ়িল্যান্ডেও দু’-একটি ম্যাচ খেলতে পারে বৈভব।

Vaibhav Sooryavanshi India Vs New Zealand T20I Rob Walter

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy