ওয়েস্ট ইন্ডিজ়ের বিরদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় শেষ হওয়ার পরেই নিউ জ়িল্যান্ডে যাবে ভারত। সেখানে পাঁচটি টি-টোয়েন্টি খেলবেন শ্রেয়স আয়ারেরা। সেই সিরিজ়ের আগে লকি ফার্গুসনের মুখে বৈভব সূর্যবংশীর নাম। ভারতের ১৫ বছরের ব্যাটারকে চ্যালেঞ্জ করতে চান তিনি।
২২ অক্টোবর থেকে শুরু হবে ভারত-নিউ জ়িল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ়। তার আগে সাংবাদিকদের ফার্গুসন বলেন, “আমি বৈভবের বিরুদ্ধে আইপিএলে খেলেছি। ও অবিশ্বাস্য প্রতিভা। ওকে যে ভারতীয় ম্যানেজমেন্ট সুযোগ দিচ্ছে, তাতে অবাক হওয়ার কিছু নেই। পর পর দুটো আইপিএলে ও দুর্দান্ত খেলেছে।”
নিউ জ়িল্যান্ডে প্রথম বার খেলতে যাচ্ছে বৈভব। সেখানকার পরিবেশে ১৫ বছরের ব্যাটারকে চ্যালেঞ্জ করতে তৈরি ফার্গুসন। তিনি বলেন, “ওকে চ্যালেঞ্জ করতে ভাল লাগবে। ওর বিরুদ্ধে বল করতে ভাল লাগবে। ও প্রথম বার এই দেশে খেলবে। আশা করছি, ভাল লড়াই হবে।”
ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে ফার্গুসনের সম্পর্ক বেশ ভাল। সৌজন্যে আইপিএল। এই লিগে ১০ বছর ধরে খেলছেন ফার্গুসন। কলকাতা নাইট রাইডার্স ও গুজরাত টাইটান্সের হয়ে আইপিএল জিতেছেনও তিনি। ভারতের লিগে খেলে তাঁর পারফরম্যান্স আরও ভাল হয়েছে বলেই মনে করেন ফার্গুসন।
আরও পড়ুন:
৩৫ বছরের কিউয়ি পেসার বলেন, “ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে ও বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা অসাধারণ। অনেক কিছু শিথেছি। কী ভাবে নিজেকে তৈরি করতে হয় সেই শিক্ষাও হয়েছে। ভারতের পিচে বল করা সব সময় চ্যালেঞ্জের। সেই চ্যালেঞ্জ সামলেছি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অনেকের সঙ্গে ভাল বন্ধুত্ব রয়েছে।”
২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের সেমিফাইনালের পর থেকে আর নিউ জ়িল্যান্ডের এক দিনের দলে সুযোগ পাননি ফার্গুসন। ভারতের বিরুদ্ধে শেষ দু’টি এক দিনের ম্যাচে তাঁকে রাখা হয়েছে। টি-টোয়েন্টির পাশাপাশি ৫০ ওভারের ক্রিকেটেও ফিরতে মরিয়া তিনি। তাই ভারত সিরিজ়কেই পাখির চোখ করেছেন ফার্গুসন।