ফুটবলে তাঁকে অনেক ট্রফি এনে দিয়েছে তাঁর দল মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু ক্রিকেটে এত দিন অধরা ছিল ট্রফি। সেই স্বাদ অবশেষে পেলেন সঞ্জীব গোয়েন্কা। আইপিএলে এখনও চ্যাম্পিয়ন হতে পারেনি তাঁর দল লখনউ সুপার জায়ান্টস। কিন্তু ইংল্যান্ডের দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় প্রথম বার খেলতে নেমেই ট্রফি জিতল ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসের পুরুষদের দল।
ফাইনালে ট্রেন্ট রকেটসের বিরুদ্ধে খেলা ছিল ম্যাঞ্চেস্টারের। প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রান করে ট্রেন্ট। বল হাতে নজর কাড়েন ম্যাঞ্চেস্টারের আফগান স্পিনার নুর আহমেদ। ২০ বলে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।
জবাবে দু’বল বাকি থাকতে জয়ের রান তুলে নেয় ম্যাঞ্চেস্টার। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলা টিম সেইফার্ট ওপেন করতে নেমে ৩৮ বলে ৭২ রান করেন। তাঁর ব্যাটেই চ্যাম্পিয়ন হয় ম্যাঞ্চেস্টার। ট্রফি তোলেন অধিনায়ক জস বাটলার। যদিও ম্যাঞ্চেস্টারের মহিলাদের দল এ বার ভাল শুরু করেও চ্যাম্পিয়ন হতে পারেনি। সেই দলে খেলেন ভারতের স্মৃতি মন্ধানা ও রিচা ঘোষ।
আরও পড়ুন:
দল চ্যাম্পিয়ন হওয়ায় উচ্ছ্বসিত মালিক। সমাজমাধ্যমে দলের ট্রফি তোলার ছবি দিয়ে গোয়েন্কা লেখেন, “প্রথম বার খেলতে নেমেই চ্যাম্পিয়ন। লর্ডসে কী দুর্দান্ত একটা রাত। সুপার জায়ান্টস পরিবারের জন্য গর্বের মুহূর্ত। প্রথম থেকে শেষ পর্যন্ত দলগত খেলা খেলেছি।” কয়েক জনকে আলাদা করে কৃতিত্ব দিয়েছেন গোয়েন্কা। তিনি লেখেন, “নুর দুর্দান্ত বল করল। টিমের কী অসাধারণ ইনিংস দেখলাম। পুরো মরসুম জুড়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে জস। যে ভাবে গোটা দল একত্রিত হয়ে খেলেছে, তাতে সকলকে শুভেচ্ছা। এটা তোমাদের ট্রফি।”
আগে এই দলের নাম ছিল ম্যাঞ্চেস্টার অরিজিনালস্। গত মরসুম শেষ হওয়ার পর দলের মালিকানা কিনে নেন গোয়েন্কা। নাম বদলে যায় দলের। সেই দলই গোয়েন্কাকে ক্রিকেটে প্রথম ট্রফির স্বাদ দিল।