Advertisement
E-Paper

ডামাডোলের মাঝেই ব্রিটেনের রাজার সঙ্গে সাক্ষাৎ পাক ক্রিকেটারদের! ব্যাট উপহার বাবরের, ‘গোসা’ করে গেলেন না এক ক্রিকেটার

বাবর আজ়মদের সঙ্গে ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভিও। সেখানে রাজা চার্লসকে একটি ব্যাট উপহার দেন বাবর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৯
cricket

রাজা চার্লসের সঙ্গে এক ফ্রেমে পাকিস্তানের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও কর্তারা। ছবি: রয়টার্স।

পাকিস্তান ক্রিকেটে ডামাডোলের মাঝেই ইংল্যান্ডের রাজা চার্লসের সঙ্গে দেখা করতে গেলেন বাবর আজ়মেরা। লন্ডনের ক্ল্যারেন্স হাউসে যায় পাকিস্তানের গোটা দল। ক্রিকেটারদের পাশাপাশি সাপোর্ট স্টাফেরাও ছিলেন। কিন্তু সেখানে দেখা গেল না এক ক্রিকেটারকে।

বাবরদের সঙ্গে ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভিও। সেখানে চার্লসকে একটি ব্যাট উপহার দেন বাবর। তাতে পাকিস্তানের ক্রিকেটারদের সই ছিল। বেশ কিছু ক্ষণ সেখানে ছিলেন বাবরেরা। চার্লস প্রত্যেকের সঙ্গে দেখা করেন। কথা বলেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ড নির্দেশ দিয়েছিল, প্রত্যেক ক্রিকেটারকে হাজির থাকতে হবে রাজার বাড়িতে। যে সাত ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে তাঁদেরও এই নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশ মেনে সেখানে গিয়েছিলেন মুহম্মদ আওয়েস জ়াফর, আমির জামাল, খুর্‌রম শাহজ়াদ ও আলি উসমান।

ইতিমধ্যেই পাকিস্তানে ফিরে গিয়েছেন ইমাম উল হক ও মহম্মদ রিজ়ওয়ান। ফলে তাঁরা সেখানে ছিলেন না। দেশে ফেরায় শাস্তি বাড়তে পারে দুই ক্রিকেটারের। ইমামকে দু’বছর নির্বাসিত করা হতে পারে। ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে যেতে পারে রিজ়ওয়ানের।

ইংল্যান্ডের দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে, এক ক্রিকেটার লন্ডনে থেকেও উপস্থিত ছিলেন না রাজার বাড়িতে। দল থেকে বাদ দেওয়ায় ‘গোসা’ করে যাননি তিনি। সাত ক্রিকেটারের মধ্যে চার জন গিয়েছিলেন। ইমাম ও রিজ়ওয়ান দেশে ফিরেছেন। বাকি রয়েছেন একমাত্র সলমন আলি আঘা। লন্ডনেই তাঁর শ্বশুরবাড়ি। যা মনে হচ্ছে, তিনিই দলের সঙ্গে যাননি। ফলে তাঁরও শাস্তি বাড়তে পারে।

ইতিমধ্যেই পর পর দুই টেস্টে হেরেছে পাকিস্তান। ফলে সিরিজ় হাতছাড়া হয়ে গিয়েছে। তৃতীয় টেস্ট নিয়মরক্ষার। তার মাঝেই রাজার সঙ্গে দেখা করতে গেলেন বাবরেরা। সেখানেও বিতর্ক পিছু ছাড়ল না তাঁদের।

Babar Azam Pakistan Cricket Board Salman Agha

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy