E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

পাক ক্রিকেটারদের বোর্ডের বার্তা: কথা নয় ইমরানকে নিয়ে

ইংল্যান্ডে টেস্ট সিরিজ় চলছে পাকিস্তানের। খেলছেন বাবর আজ়মরা। জানা গিয়েছে, পাকিস্তান বোর্ডের তরফে নাকি পাক ক্রিকেটারদের বলে দেওয়া হয়েছে, ইমরানকে নিয়ে মুখ না খুলতে। পাকিস্তানে দীর্ঘদিন ধরে কারা-বন্দি হয়ে আছেন ইমরান।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৬ ০৬:১৯
আলোড়ন: ইমরানকে নিয়ে উদ্বেগ।

আলোড়ন: ইমরানকে নিয়ে উদ্বেগ। — ফাইল চিত্র।

ইমরান খানের পাশে যখন দাঁড়াচ্ছেন তাঁর প্রাক্তন সতীর্থরা, তখন অন্য ভূমিকায় দেখা গেল পাকিস্তান ক্রিকেট বোর্ডকে।

ইংল্যান্ডে টেস্ট সিরিজ় চলছে পাকিস্তানের। খেলছেন বাবর আজ়মরা। জানা গিয়েছে, পাকিস্তান বোর্ডের তরফে নাকি পাক ক্রিকেটারদের বলে দেওয়া হয়েছে, ইমরানকে নিয়ে মুখ না খুলতে। পাকিস্তানে দীর্ঘদিন ধরে কারা-বন্দি হয়ে আছেন ইমরান। তাঁর মুক্তির দাবিতে সরব হয়েছেন অনেক প্রাক্তন ক্রিকেটার। কিন্তু আবার বর্তমান ক্রিকেটারদের উপরে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে পাক বোর্ড।

এও জানা গিয়েছে, ব্রিটিশ প্রচারমাধ্যম নাকি চেষ্টা করেছিল, ইমরানকে নিয়ে পাক ক্রিকেটারদের প্রতিক্রিয়া নেওয়ার। লর্ডস টেস্ট চলাকালীনই ইমরানের ছেলেদের সাক্ষাৎকার সম্প্রচার করে স্কাই স্পোর্টস। যা নিয়ে আর এক দফা বিতর্ক তৈরি হয়। শোনা যাচ্ছিল, টেস্ট বয়কটের হুমকিও দিয়েছিল পাকিস্তান দল। এর পরে পাকিস্তানের কোচ সরফরাজ় আহমেদকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি পরিষ্কার বলে দেন, ‘‘আমরা এই ব্যাপারে কিছুই জানি না। আমরা তখন লাঞ্চ করছিলাম।’’

পাক ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ওই সাক্ষাৎকার নিয়ে যথেষ্ট অখুশি বোর্ড। ওই সাক্ষাৎকারটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে নেওয়া। তবে দু’দেশের কূটনৈতিক সম্পর্কের কথা মাথায় রেখে শেষ পর্যন্ত টেস্ট বয়কট করা হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, টেস্ট বয়কটের কথা শোনার পরে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড দেশের সরকারের সাহায্য চায় ঝামেলা মেটানোর জন্য।

এই বিতর্কের মাঝেই ইমরানের মুক্তির দাবিতে মুখ খুলেছেন জাভেদ মিয়াঁদাদ। সেই সুরে সুর মিলিয়ে ইমরানের আর এক প্রাক্তন সতীর্থ মইন খান বলেছেন, ‘‘ইমরান খান ভীষণই অসুস্থ। আমি পাক সরকারের কাছে আবেদন করছি, এক জন পাকিস্তানি নাগরিক এবং প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে ইমরানের যে চিকিৎসার প্রয়োজন, তার ব্যবস্থা যেন করা হয়।’’ এখানেই থামেননি মইন। প্রাক্তন উইকেটকিপার বলেছেন, ‘‘পাকিস্তানের সব ক্রিকেটারকে বলছি, এগিয়ে আসুন আপনারা। ইমরানের সমর্থনে মুখ খুলুন। যারা ইমরানের সঙ্গে খেলেছে, এগিয়ে আসুক।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Imran Khan Pakistan Cricket Board England Vs Pakistan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy