Advertisement
E-Paper

সূর্যের দশা সলমনেরও! শ্রীলঙ্কা সিরিজ়ে পাকিস্তানের টি২০ দলে নতুন অধিনায়ক, জায়গাও হারাতে চলেছেন অলরাউন্ডার

চলতি বছর ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পরেও অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবকে। এমনকি, ভারতীয় দল থেকেই বাদ পড়েছেন সূর্য। সেই দশা হতে চলেছে সলমনেরও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ ১০:৪৫
cricket

সলমন আলি আঘা (বাঁ দিকে) ও মাইক হেসন। —ফাইল চিত্র।

এ বার পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব খোয়াতে চলেছেন সলমন আলি আঘা। জানা গিয়েছে, শ্রীলঙ্কা সিরিজ়ের আগে নতুন অধিনায়কের নাম ঘোষণা করে দেবে মহসিন নকভির নেতৃত্বাধীন বোর্ড। জল্পনা, পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হতে চলেছেন শাদাব খান।

৯ থেকে ১৩ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। তার আগেই অধিনায়কত্বে বদল হবে। শুধু অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া নয়, পাকিস্তানের টি-টোয়েন্টি দল থেকেও বাদ পড়তে পারেন তিনি।

চলতি বছর ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পরেও অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবকে। নতুন অধিনায়ক হয়েছেন শ্রেয়স আয়ার। ছোট ফরম্যাটে ভারতীয় দল থেকেই বাদ পড়েছেন সূর্য। সেই দশা হতে চলেছে সলমনেরও।

গত বছর এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন সলমন। কিন্তু তাঁর নেতৃত্বে ব্যর্থ পাকিস্তান। তাই সলমনের উপর আর ভরসা নেই বোর্ডের। এর আগে অনেক বার পরিবর্ত অধিনায়ক হিসাবে দায়িত্ব সামলেছেন শাদাব। এ বার টি-টোয়েন্টি দলে তাঁকে পাকাপাকি দায়িত্ব দিতে চাইছেন নকভিরা।

সংবাদসংস্থা পিটিআই-কে পাক বোর্ডের এক আধিকারিক বলেছেন, “টি-টোয়েন্টির নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে সকলের আগে রয়েছে শাদাব। তার পরেই সাহিবজ়াদা ফারহান। শাদাবকে অধিনায়ক করা হলে ফারহানকে সহ-অধিনায়ক করা হবে।” সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে ফারহানের নেতৃত্বে রুপো জিতেছে পাকিস্তান। ওই আধিকারিক আরও বলেছেন, “শাদাব ও ফারহানকেই নেতৃত্বের জন্য বেছে নিয়েছে মাইক হেসন। সলমন ওর পরিকল্পনাতেই নেই। বাকি কাজ বোর্ডের।”

শ্রীলঙ্কা সিরিজ়ে পাকিস্তান দলেও কিছু নতুন মুখ দেখা যেতে পারে। অভিজ্ঞ পেসার শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফ বাদ পড়তে পারেন। ওই আধিকারিক বলেছেন, “সাদা বলের দলে বেশ কিছু নতুন মুখকে জায়গা দেওয়া হবে। সিনিয়রদের সরানো হবে। যেমন শ্রীলঙ্কা সিরিজ়ে শাহিন ও রউফ জায়গা হারাতে পারে।” দেখে বোঝা যাচ্ছে, ছোট ফরম্যাটে বদলের প্রক্রিয়া শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

Pakistan Cricket Board Pakistan Cricket Team Salman Agha Shadab Khan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy