পাকিস্তান ক্রিকেটে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে হারের পরে বড়সড় পদক্ষেপ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সরিয়ে দেওয়া হয়েছে প্রধান কোচ সরফরাজ় আহমেদ এবং বোলিং কোচ উমর গুলকে। পাশাপাশি সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এর মধ্যেই নতুন করে বিতর্কে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ বার কারণ, একটি চাকরির বিজ্ঞাপন।
লিঙ্কডইন-এ পাকিস্তানের পুরুষদের ক্রিকেট দলের জন্য ফিল্ডিং কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছে পিসিবি। এই নিয়েই ব্যঙ্গ করতে শুরু করেছেন ক্রিকেটপ্রেমীরা।
এক জন লিখেছেন, ‘‘আমি আবেদন করেই দেখি। গত ১৩ বছর ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে কাজ করেছি। কে জানে, হয়ে যেতেও পারে!’’ অন্য এক জনের মন্তব্য, ‘‘আগ্রহী। সম্প্রতি দুটো ক্যাচ ফেলেছি।’’ আর এক জন লিখেছেন, ‘‘পাকিস্তান ক্রিকেট সত্যিই একের পর এক
উপহার দিয়ে চলেছে!’’
এ দিকে ইমাম-উল-হকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পিসিবি। নির্বাচকদের ধারণা, মিথ্যে চোট দেখিয়ে দ্বিতীয় টেস্টে ব্যাট করেননি ইমাম।