পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) বিতর্ক থামার লক্ষণ নেই। নানা দিক থেকে চাপের মুখে পড়ে এ বার বোর্ডের অন্দরে ‘সাফাই অভিযান’ চালানো হবে বলে জানা গিয়েছে। অর্থাৎ যে সব ব্যক্তিরা বিভিন্ন পদে বসে রয়েছেন তাঁদের সরানো হতে পারে দায়িত্ব থেকে। বোর্ডপ্রধান মহসিন নকভির নির্দেশেই এমনটা করা হচ্ছে।
ইংল্যান্ড থেকে মহম্মদ রিজওয়ান, ইমাম উল-হক এবং সলমন আলি আঘাকে ফেরানোর কয়েক দিনের মধ্যে এই ঘটনা প্রকাশ্যে এসেছে। পিসিবি-র এক সূত্র বলেছেন, “মুখ্য নির্বাচক আকিব জাভেদকে নির্দেশ দেওয়া হতে পারে লাহৌরের হাই পারফরম্যান্স সেন্টারের ডিরেক্টর ডেভেলপমেন্ট পদের দিকে বেশি করে নজর দেওয়ার জন্য।”
সংবাদ সংস্থার সূত্রের দাবি, রিজওয়ান, ইমাম এবং সলমনকে দেশে ফেরানো পিসিবি-র বৃহত্তর পরিকল্পনার অংশ ছিল। শুধু ফর্ম নয়, সাজঘরে তাঁদের আচরণের জন্যও এই তিন ক্রিকেটারকে দেশে ফেরানো হয়েছে।
সূত্র বলেছেন, “বাকি যে সব ক্রিকেটারকে ফেরানো হয়েছে তা পুরোটাই লাল বলের ভারপ্রাপ্ত কোচ মাইক হেসনের নির্দেশে। উনি সাদা বলের দলে যাদের সঙ্গে কাজ করেছেন তাদের কয়েক জনকে লাল বলের দলে খেলাতে চান।”
আরও পড়ুন:
সূত্রের দাবি, ‘সাফাই অভিযান’-এর নির্দেশ দিয়েছেন খোদ নকভি। কোচের পর নির্বাচক কমিটিতে বড় বদল হতে পারে। সূত্রটি বলেছেন, “আকিবকে বলা হত চেয়ারম্যানের নয়নের মণি। কিন্তু তাঁকে এ বার অন্য দায়িত্বে মনোযোগ দিতে বলা হয়েছে।”
নির্বাচক কমিটির আর এক সদস্য মিসবা উল-হক ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। পাশাপাশি কেন ইমামদের দলে নেওয়া হয়েছিল তা জানতে চেয়ে নির্বাচক কমিটিকে নোটিশ পাঠানো হয়েছে।