ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে নজর কাড়লেন অন্বয় দ্রাবিড়। ১৩ রানের জন্য শতরান হাতছাড়া করলেন রাহুল দ্রাবিড়ের ছোট পুত্র। ৭৬ রানের ইনিংস খেলেছেন অর্জুন রাজপুত। যদিও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৫০ ওভারের ম্যাচে ৮ উইকেটে হেরে গেল ভারত। প্রথমে ব্যাট করে ভারত করে ৪৭.২ ওভারে ২৮৫। জবাবে ৪৮ ওভারে ১ উইকেটে ২৯১ শ্রীলঙ্কার।
যুব এক দিনের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক যশবর্ধন চৌহান। তবে ভারতের ইনিংসের শুরুটা ভাল হয়নি। দ্রুত আউট হয়ে যান দুই ওপেনার যশবর্ধন (৬) এবং সাগর ভির্ক। রান পাননি তিন নম্বরে নামা ভিকে বিনিতও (২৪)। চার নম্বরে নামা কুশাগ্র ওঝা করেন ৩৮ রান। ৮১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। সেই পরিস্থিতি থেকে দলকে লড়াইয়ে ফেরান অন্বয় এবং অর্জুন। তাঁদের পঞ্চম উইকেটের জুটিতে ওঠে ১৪৫ রান। দ্রাবিড়-পুত্র পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৬৭ বলে ৮৭ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংসে রয়েছে ৯টি চার এবং ১টি ছয়। মূলত তাঁর আগ্রাসী ব্যাটিংই ভারতকে ভাল জায়গায় পৌঁছে দেয়। অর্জুন ছয় নম্বরে নেমে ৭৬ রানের ইনিংস খেলেন ৮১ বলে। তিনিও মারেন ৯টি চার এবং ১টি ছয়। শেষ পর্যন্ত ৪৭.২ ওভারে ২৮৫ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। শ্রীলঙ্কার সফলতম বোলার গিমহান মেন্ডিস ৪১ রানে ৫ উইকেট নিয়েছেন। ৫৪ রানে ২ উইকেট কবিজা গামাগের।
আরও পড়ুন:
জয়ের জন্য ২৮৬ রানের লক্ষ্য নিয়ে আগ্রাসী মেজাজে শুরু করেন শ্রীলঙ্কার ব্যাটারেরা। ওপেনার দুনিথ সিগেরা ১৪ রানে আউট হয়ে গেলেও অন্য ওপেনার দিমন্থ মহাবিথানা ছিলেন অপ্রতিরোধ্য। তাঁর সঙ্গে যোগ দেন তিন নম্বরে নামা সেনুজা ওয়েকুনাগোডা। দিমন্থ ১৫৩ বলে ১৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। ১২টি চার এবং ৫টি ছক্কা দিয়ে সাজান নিজের ইনিংসটি। সেনুজা করেন ৬৪ বলে ৬০ রান। তাঁর ইনিংসে রয়েছে ৪টি চার এবং ২টি ছয়। দ্বিতীয় উইকেটের জুটিতে তাঁরা তোলেন ১০৩ রান। এর পর দিমন্থের সঙ্গে জুটি গড়েন চার নম্বরে নামা অধিনায়ক বিমথ দিনসারা। তিনি ৬০ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন। তাঁর ব্যাট থেকে এসেছে ৩টি চার।
ভারতের কোনও বোলারই শ্রীলঙ্কার ব্যাটারদের থামাতে পারেননি। সফলতম শাভিন বিনোদ ৩৪ রানে ১ উইকেট নিয়েছেন। ৪১ রানে ১ উইকেট ঈশান সুদের।