Advertisement
E-Paper

যশস্বী, বৈভবকে খুঁজে বার করার নেপথ্যনায়কের দলবদল, এ বার দেখা যাবে রোহিতদের দলের জার্সিতে

দীর্ঘ দিন রাজস্থান রয়্যালসের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। খুঁজে বার করেছেন যশস্বী জয়সবাল, বৈভব সূর্যবংশীর মতো প্রতিভাবান ভারতীয় ক্রিকেটারদের। সেই জ়ুবিন ভারুচা দল বদলে ফেললেন। যোগ দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৬ ২০:৪৯
cricket

বৈভব সূর্যবংশী এবং যশস্বী জয়সবাল। — ফাইল চিত্র।

দীর্ঘ দিন রাজস্থান রয়্যালসের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। খুঁজে বার করেছেন যশস্বী জয়সবাল, বৈভব সূর্যবংশীর মতো প্রতিভাবান ভারতীয় ক্রিকেটারদের। সেই জ়ুবিন ভারুচা দল বদলে ফেললেন। তিনি যোগ দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সে। রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্যের দলের দায়িত্ব সামলাতে দেখা যাবে তাঁকে।

শনিবার মুম্বই এক বিবৃতিতে জানিয়েছে, দলের বিভিন্ন বিভাগের যাঁরা নেতৃত্ব দিচ্ছেন তাঁদের সঙ্গে সম্পর্ক রেখে কাজ করবেন ভারুচা। মুম্বই দলের শৃঙ্খলা তুলে ধরবেন তিনি। পাশাপাশি নতুন প্রতিভা তুলে আনার কাজেও নিযুক্ত থাকবেন।

শোনা গিয়েছে, ভারুচাকে নির্দিষ্ট ভাবে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। মরসুমের বাইরে ভারতীয় ক্রিকেটারদের খেয়াল রাখার কাজ করবেন তিনি। সঙ্গে পাবেন মুম্বইয়ের সহকারী কোচ পরশ মামব্রেকে। এই মুহূর্তে দু’জনেই রয়েছেন দক্ষিণ আফ্রিকায়। সেখানে মুম্বই ইন্ডিয়ান্সের কিছু ক্রিকেটারকে নিয়ে তাঁরা কাজ করছেন।

ক্রিকেটজীবনে মুম্বই রাজ্য দলের হয়ে খেলেছেন ভারুচা। ১৭টি প্রথম শ্রেণির ম্যাচ এবং ১১টি লিস্ট এ ম্যাচ খেলেছেন। ক্রিকেটার হিসাবে শেষ দেখা গিয়েছে ১৯৯৪-৯৫ মরসুমে। তার পর থেকে প্রতিভা অন্বেষণের কাজে যুক্ত তিনি। ক্রিকেটীয় বুদ্ধির কারণে মুম্বইয়ের ক্রিকেটমহলে তিনি জনপ্রিয়।

২০০৮-এ আইপিএলের প্রথম বছরেই তিনি রাজস্থানের টিম ডিরেক্টর হিসাবে যোগ দেন। মাঝে দু’বছর (২০১৬, ২০১৭) দিল্লি ডেয়ারডেভিলসে কাজ করেছেন। আবার রাজস্থানে ফেরেন। সেখানেই ২০১৮-২০২৫ পর্যন্ত কাজ করেছেন।

পাঁচ বারের বিজয়ী মুম্বই গত ছ’বারের মধ্যে চার বার প্লে-অফে উঠতে পারেনি। পয়েন্ট তালিকায় নীচের দিকে শেষ করেছে তিন বার। নতুন প্রজন্ম তুলে আনার চেষ্টা করা হচ্ছে ভারুচার মাধ্যমে।

রাজস্থানে থাকাকালীন প্রথমে যশস্বীকে তুলে আনেন ভারুচা। তার পর বৈভবের উত্থানও হয় তাঁর হাত ধরে। একাধিক সাক্ষাৎকারে নিজের উত্থানের নেপথ্যে ভারুচার অবদানের কথা স্বীকার করেছে বৈভব। তবে পরের মরসুম থেকে আর বৈভবের পাশে তাঁকে দেখা যাবে না।

Vaibhav Sooryavanshi Yashasvi Jaiswal Rajasthan Royals

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy