টসের সময় হোক বা বিশ্লেষণ, রবি শাস্ত্রীর কথা বলার ধরন গোটা বিশ্বে সমাদৃত। যে ভাবে নাটকীয় ভঙ্গিতে তিনি বিভিন্ন জিনিস বর্ণনা করেন, তা অনেকেই পছন্দ করেন। শাস্ত্রীর এই কায়দায় মুগ্ধ জুড বেলিংহ্যামও। ‘দ্য হান্ড্রেড’ প্রতিযোগিতায় এই ঘটনা ঘটেছে।
শনিবার রাতে বার্মিংহ্যাম ফিনিক্স বনাম ওয়েলস ফায়ারের ম্যাচের টসের সঞ্চালনার দায়িত্বে ছিলেন শাস্ত্রী। সে সময় তিনি ডেকে নেন বেলিংহ্যামকে। শাস্ত্রী বলেন, “সে এখানকার ছেলে। বার্মিংহ্যামের মহাতারকা। গ্যালাকটিকো (রিয়াল মাদ্রিদের ফুটবলার)। অসাধারণ বিশ্বকাপ খেলে আসা একজন। সে আর কেউ নয়, জুড বেলিংহ্যাম।”
ইংরেজ ফুটবলারের পাশে দাঁড়িয়েছিলেন ফিনিক্সের অধিনায়ক ডোনোভান ফেরেরা এবং ফায়ারের অধিনায়ক ফিল সল্ট। তাঁদের হাতে টসের কয়েন তুলে দেন বেলিংহ্যাম।
পরে বেলিংহ্যামের সঙ্গে ছবিও তোলেন শাস্ত্রী। লেখেন, “বার্মিংহ্যামের নিজস্ব গ্যালাকটিকোকে দেখে ভাল লাগল। দ্য হান্ড্রেডের টসে এসেছিল। কী অসাধারণ ফুটবলার। কী অসাধারণ বিশ্বকাপ খেলেছে। জাত ফুটবলার। আগামী মরসুমের জন্য অনেক শুভেচ্ছা থাকল।”
আরও পড়ুন:
বেলিংহ্যাম এমনি এমনি ক্রিকেট ম্যাচে আসেননি। এ বছরের শুরুতে তিনি ফিনিক্সের ১.২ শতাংশ অংশীদারি কিনেছেন। অর্থাৎ দলের একজন মালিকও তিনি। ঘরের মাঠে দলের খেলা দেখতে এসেছিলেন। কিছু দিন পরেই রিয়াল মাদ্রিদের শিবিরে যোগ দেবেন বেলিংহ্যাম।