আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের হয়ে ফিনিশারের ভূমিকায় দেখা যায় তাঁকে। এ বার ঘরোয়া ক্রিকেটেও কঠিন পরিস্থিতিতে দলের ভরসা হয়ে উঠলেন রিঙ্কু সিংহ। রঞ্জি ট্রফিতে গোয়ার বিরুদ্ধে ব্যাট করতে নেমে উত্তরপ্রদেশের ব্যাটিং বিপর্যয়ের মধ্যে একাই লড়াই চালালেন তিনি। তাঁর অপরাজিত শতরানের সৌজন্যে প্রথম ইনিংসে ২০২ রান তুলল উত্তরপ্রদেশ। অন্য দিকে, ছত্তীসগঢ়ের বিরুদ্ধে এক রানে আউট হলেন শুভমন গিল।
কানপুরে ম্যাচের প্রথম দিনেই চাপে পড়ে যায় উত্তরপ্রদেশ। শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দল। অধিনায়ক আরিয়ান জুয়ালও বড় রান করতে পারেননি। করণ শর্মা ও যশ দয়াল শূন্য রানে আউট হন। দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রিঙ্কু।
১৫৫ বলে ১১৮ রানে অপরাজিত থাকেন তিনি। ইনিংসে রয়েছে ১০টি চার ও দু’টি ছয়। রিঙ্কুর এই ইনিংসেই কোনও রকমে ২০২ রানে পৌঁছয় উত্তরপ্রদেশ। দলের বাকি ব্যাটসম্যানদের মধ্যে কেউই তাঁর মতো ধারাবাহিকতা দেখাতে পারেননি। সাত জন ব্যাটসম্যান দুই অঙ্কের রানেও পৌঁছতে পারেননি। এ বার দেখার বল হাতে সফল হন কি না।