চুক্তি শেষ হতে বাকি আর তিন দিন। তার আগেই ভারতীয় দলের দায়িত্ব ছেড়ে দিলেন রায়ান টেন দুশখাতে। ইংল্যান্ড সিরিজ়ের পরেই তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন, যা প্রকাশ্যে এসেছে মঙ্গলবার। ইংল্যান্ডে থাকার সময়েই বোর্ডের কর্তাদের কোচের পদ ছেড়ে দেওয়ার কথা জানিয়েছিলেন দুশখাতে। জ়িম্বাবোয়ে সফরে যাননি তিনি।
জাতীয় দল ছেড়ে দুশখাতে আবার কলকাতা নাইট রাইডার্সে ফিরতে চলেছেন বলে খবর। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের দায়িত্ব গৌতম গম্ভীর নেওয়ার পরই কেকেআরে তাঁর সহকারীদের ভারতীয় দলে নিয়ে এসেছিলেন। অভিষেক নায়ারের সঙ্গে ভারতীয় দলে যোগ দেন দুশখাতেও। অভিষেক আগেই জাতীয় দলের দায়িত্ব ছেড়ে কেকেআরের কোচ হয়েছেন। এ বার পুরনো কর্মস্থলে ফিরছেন দুশখাতেও।
কেকেআরে আবার অভিষেকের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন দুশখাতে। ভারতীয় দলেও বেশ কিছুটা সময় তাঁরা একসঙ্গে কাজ করেছেন। তার আগে কেকেআরেও সহকারী কোচ ছিলেন এই দু’জন। এ বার অভিষেকের অধীনে কাজ করবেন দুশখাতে।
কেকেআরের সঙ্গে দুশখাতের যোগাযোগ দীর্ঘদিনের। ক্রিকেটার হিসাবে দু’টি আইপিএল (২০১২, ২০১৪) জিতেছেন। ২০২২-এ ফিল্ডিং কোচ হিসেবে প্রত্যাবর্তন। ২০২৪ পর্যন্ত কোচ থাকার পর যোগ দেন ভারতীয় দলে। সেখানে গম্ভীরকে মেন্টর এবং চন্দ্রকান্ত পণ্ডিতকে কোচ হিসাবে পেয়েছিলেন।
আরও পড়ুন:
ভারতীয় দলের সহকারী কোচ থাকার সময়ে জাতীয় দল ২০২৫-এর এশিয়ান কাপ জয়ের পাশাপাশি এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। যদিও টেস্ট ফরম্যাটে খোঁড়াতে হয়েছে তাঁদের। দুশখাতের কাজের ধরন নিয়েও সমালোচনা হয়েছে। তিনি আর বোর্ডের সঙ্গে চুক্তি বাড়াতে রাজি হননি।