রবিবার ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে শতরান করে দলকে জিতিয়েছেন বিরাট কোহলি। এর পরেই তাঁর সঙ্গে আবার সচিন তেন্ডুলকরের তুলনা শুরু হয়ে গিয়েছে। ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন মনে করেন, এখনও কোহলির থেকে এগিয়ে রয়েছেন সচিন। তবে একটি কাজ করে দেখালে দু’জনকে সমান জায়গায় রাখবেন তিনি।
সচিনের এক দিনের ক্রিকেটে শতরানের নজির টপকে এগিয়ে গিয়েছেন কোহলি। এ বার সচিনের ১০০টি শতরানের নজির কবে ভাঙবেন তা নিয়ে চর্চা চলে। অশ্বিন বলেছেন, “প্রতি বারই আমি বলব সচিন এগিয়ে রয়েছে। প্রথমত, আমি ওঁর বড় সমর্থক। ওর কেরিয়ারের পরিস্থিতি তাকিয়ে দেখুন। ভারতীয় ক্রিকেটের আশা ছিলেন তিনি।”
অশ্বিনের সংযোজন, “বিরাট কোহলির দোষ নয়। ভারতের হয়ে যে কোনও প্রজন্মে তিন নম্বরে সেরা ব্যাটারের নাম কোহলিই। কিন্তু নিয়মের দিকে তাকিয়ে দেখুন। রবিবারও প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ় ব্যাট করার সময় ৩৪ ওভারের পর একটাই বল ব্যবহার করতে হয়েছে। দিনের আলোতে বল অত্যন্ত পুরনো হয়ে গিয়েছিল। সচিন জীবনের বেশির ভাগ ৫০ ওভারের ম্যাচ খেলেছেন দিনের আলোতেই। তাই দু’জনের তুলনা করাই যায় না।”
আরও পড়ুন:
তবে কোহলি যদি কোনও দিন সচিনের একশো শতরানের নজির ভেঙে দেন, তা হলে দু’জনকেই সমান বলে মনে করবেন অশ্বিন। তাঁর কথায়, “যুক্তিগত ভাবে কাজটা সম্ভব। কোহলি সেটা করলে টুপি খুলে সেলাম জানাব। অসাধারণ কীর্তি হবে ওটা। তার পর আমাকে তুলনার কথা জিজ্ঞাসা করলে বলে দেব, সচিন আর কোহলি একই জায়গায়।”