কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েন্কার সুপার জায়ান্টস গ্রুপ এ বার পা রাখতে পারে অস্ট্রেলিয়ার ক্রিকেটে। বিগ ব্যাশ লিগের ফ্র্যাঞ্চাইজ়ি মেলবোর্ন রেনেগে়ডস কিনতে পারেন তিনি।
মেলবোর্ন রেনেগেডস হতে পারে সুপার জায়ান্টস পরিবারের পরবর্তী নতুন সদস্য। রেনেগেডসের পুরো মালিকানাই বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির অনুমোদন দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তার পরেই শোনা যাচ্ছে গোয়েন্কার আরপিএসজি গ্রুপ এই দল কিনতে পারে। যদিও আরপিএসজি গ্রুপের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি।
ভারতের আইপিএল, দক্ষিণ আফ্রিকার ‘এসএ২০’ এবং ইংল্যান্ডের ‘দ্য ১০০’-এ ইতিমধ্যেই দল রয়েছে এই গ্রুপের। এ বার তারা অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগে বিনিয়োগের কথা ভাবছে। ২০২৭-২৮ বিবিএল মরশুম থেকে নতুন মালিকপক্ষ দায়িত্ব নেবে বলে মনে করা হচ্ছে।
রেনেগেডসকে বিক্রির কথা ক্রিকেট অস্ট্রেলিয়া জানালেও ক্রিকেটারদের কী ভাবে পাওয়া যাবে, সর্বোচ্চ বেতন কত হবে বা সম্প্রচার স্বত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির নিয়ন্ত্রণ কিন্তু সিএ-র হাতেই থাকবে। এ ছাড়া সম্ভাব্য বিনিয়োগকারীদের অনুমোদন করা বা বাতিল করার পূর্ণ ক্ষমতাও থাকবে অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ামক সংস্থার হাতে।
সিএ-র নতুন মডেলে রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে তাদের নিজেদের দল বিক্রির স্বাধীনতা দেওয়া হয়েছে। মেলবোর্ন স্টারস, হোবার্ট হারিকেনস এবং পার্থ স্কর্চারসের মতো দলগুলি বেসরকারিকরণে আগ্রহী হলেও সিডনি সিক্সার্স, সিডনি থান্ডার, ব্রিসবেন হিট এবং অ্যাডিলেড স্ট্রাইকার্স আপাতত কিছুটা অনিচ্ছুক।
২০২২ মরশুমে ৭,০৯০ কোটি টাকায় লখনউ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজি কিনে আইপিএলে পা রাখে গোয়েন্কার আরপিএসজি গ্রুপ। দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগে ডারবান্স সুপার জায়ান্টস কেনার মাধ্যমে গোয়েন্কার আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয়। ২০২২ সালে প্রায় ১ কোটি ১০ লক্ষ ডলারে (প্রায় ১০৪ কোটি টাকা) ডারবান ফ্র্যাঞ্চাইজিটি কেনে আরপিএসজি গ্রুপ। এরপর তারা ইংল্যান্ডের দ্য ১০০-এ বিনিয়োগ করেন গোয়েন্কা এবং ম্যাঞ্চেস্টার অরিজিনালসের ৭০ শতাংশ মালিকানা কিনে নেন। ২০২৬ সালে দলটির নাম হয়ে যায় ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টস।