বাংলার হয়ে সীমিত ওভারের ক্রিকেটে খেলবেন মহম্মদ শামি। সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং বিজয় হজ়ারে ট্রফিতে তাঁকে বাংলার জার্সিতে দেখা যাবে।
গত মরসুমে তিন ধরনের ক্রিকেটেই খেলেছিলেন রাজ্যের হয়ে। রঞ্জি ট্রফিতে বাংলাকে সেমিফাইনালে তুলেছিলেন। তবে এ বার রঞ্জি ট্রফিতে তাঁর খেলা নিয়ে দ্বিধা রয়েছে। ঘনিষ্ঠমহলে তিনি নাকি জানিয়েছেন, এ বারের রঞ্জি ট্রফি নাও খেলতে পারেন। কারণ, টেস্ট দলের দরজা তাঁর জন্য যে খুলছে না তা বলে দেওয়াই যায়। গত বারও কিছুটা আশা ছিল। তাই রঞ্জিতে নিজেকে নিংড়ে দিয়েছিলেন ভারতীয় পেসার। কিন্তু এ বার ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় তাঁকে নাও দেখা যেতে পারে।
১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি প্রতিযোগিতা। এক দিনের প্রতিযোগিতা জানুয়ারিতে। রঞ্জি শুরু হচ্ছে অক্টোবরে। বাংলাও প্রাক-মরসুম প্রস্তুতি শুরু করে দিয়েছে।
গত বারের মতো এ বারও পুদুচেরিতে প্রাক-মরসুম প্রতিযোগিতা খেলতে যেতে পারে বাংলা। অগস্টের শুরুর দিকেই পুদুচেরি উড়ে যেতে পারেন ক্রিকেটারেরা। তবে দলের অধিনায়ক কে হবেন, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।