এশিয়ান গেমসের ২২ গজে ভারত-পাকিস্তান দূরত্ব মিটল না। ভলিবল, স্কোয়াশ, হকির মতো খেলাগুলিতে দু’দেশের খেলোয়াড়দের হাসিমুখে জড়িয়ে ধরতে, করমর্দন করতে বা একসঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে। কিন্তু ক্রিকেট মাঠে আলাদা ছবি। শনিবার টসের পর শ্রেয়স আয়ার হাত মেলালেন না পাকিস্তানের অধিনায়ক সাহিবজ়াদা ফারহানের সঙ্গে। শুধু তা-ই নয়, বৈভব সূর্যবংশীকে আউট করার পর তাকে বিদ্রুপ করলেন পাক স্পিনার সাইম আয়ুব।
২০২৫ সালের এশিয়া কাপ থেকেই ভারত-পাক ক্রিকেট সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে পাকিস্তানর ক্রিকেটারদের সবরকম ভাবে এড়িয়ে চলতে শুরু করেন সূর্যকুমার যাদবেরা। সেই ধারা বজায় রইল নাগোয়া গেমসেও। টসের পর ফারহানের সঙ্গে হাত মেলালেন না শ্রেয়স। শুধু ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, এই দূরত্ব তৈরি হয়েছে মেয়েদের ক্রিকেট-সহ বিভিন্ন বয়সভিত্তিক ক্রিকেটেও।
ভারত-পাক ক্রিকেট সম্পর্কের উত্তাপের আঁচ পাওয়া গেল ম্যাচের মধ্যেও। বৈভবকে আউট করার পর হাতের মুদ্রায় বাচ্চাকে দোলা দেওয়ার ভঙ্গি করে উচ্ছ্বাস প্রকাশ করেন সাইম। তবে এই ঘটনা বেশি দূর গড়ায়নি। ভারতের ১৫ বছরের ব্যাটারকে সাইম বিদ্রুপ করলেও পাকিস্তানের অন্য ক্রিকেটারেরা সংযত ছিলেন। বৈভবও কোনও প্রতিক্রিয়া দেখায়নি। শান্ত ছিলেন ভারতের অন্য ওপেনার অভিষেক শর্মাও।
আরও পড়ুন:
এশিয়াড ফাইনালে বৈভব অবশ্য প্রত্যাশামতো ব্যাট করতে পারল না। ৯ বলের ইনিংসে ১৫ রান করে আউট হয়ে গিয়েছে। সাইমের স্পিন বুঝতে না পেরে উইকেটরক্ষকের হাতে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছে বৈভব। তার মধ্যেও ২টি ছক্কা মেরেছে সে।