আফগানিস্তান নাম দিয়েছিল ‘ফ্রেন্ডশিপ সিরিজ়’। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে আফগানদের চুনকাম করার পর বন্ধুত্ব, সৌহার্দ্যের বার্তা দিলেন শ্রেয়স আয়ার। ভারতীয় দলের অধিনায়কের মানসিকতার প্রশংসিত হয়েছে ক্রিকেট মহলে।
যে কোনও সিরিজ় বা প্রতিযোগিতা শেষ হওয়ার পর বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। বিজয়ী দলের অধিনায়ক সেই ট্রফি নিয়ে চলে যান সতীর্থদের কাছে। তার পরেই শুরু হয় ট্রফি জয়ের উদ্যাপন। এটাই দস্তুর। স্বাভাবিক পরিচিত দৃশ্য। তবে আফগানিস্তান-ভারত টি-টোয়েন্টি সিরিজ়ের পর দেখা গেল অন্যরকম দৃশ্য।
দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) সভাপতি রোহন জেটলির হাত থেকে ট্রফি নেওয়ার আগে শ্রেয়স মঞ্চে ডেকে নেন আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জ়াদরানকে। দু’জনে এক সঙ্গে নেন ‘ফ্রেন্ডশিপ সিরিজ়’-এর ট্রফি। পরে ট্রফি নিয়ে ভারতীয় দল ছবি তোলার সময়ও জ়াদরানকে ডেকে নেন শ্রেয়স। ভারতের টি-টোয়েন্টি অধিনায়কের এই মানসিকতার প্রশংসা করেছেন সুনীল গাওস্কর। তিনি বলেছেন, ‘‘প্রতিপক্ষ দলের অধিনায়ককে নিয়ে দলীয় ছবি তোলার মুহূর্তটা দুর্দান্ত। এটাই তো চ্যাম্পিয়নদের ছবি।’’
আরও পড়ুন:
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় আসলে আফগানিস্তানের ‘হোম সিরিজ়’ ছিল। দিল্লির মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলেছেন শ্রেয়সেরা। আফগানিস্তান তাদের হোম সিরিজ়গুলি সংযুক্ত আরব আমিরশাহি অথবা ভারতের মাটিতে খেলে। সেই মতোই দিল্লিতে ভারতের সঙ্গে সিরিজ় আয়োজন করেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।