Advertisement
E-Paper

ভারতের পরিকল্পনায় নয়, কোহলি-রোহিতের ভাবনাতেই বিশ্বকাপের প্রস্তুতি! ইংল্যান্ড সিরিজ়ের আগে দুই সিনিয়রকে নিয়ে অকপট শুভমন

লর্ডসের ইতিহাসে মহিলাদের প্রথম টেস্টে ইংল্যান্ডকে ২৭০ রানে হারিয়েছেন হরমনপ্রীত কৌরেরা। সোমবার মহিলা দলের এই জয় এক দিনের সিরিজ়ের আগে চাপ বাড়াবে ছেলেদের দলের উপর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৬ ২২:০৪
Picture of Cricket

শুভমন গিল। ছবি: পিটিআই।

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড তিন ম্যাচের এক দিনের সিরিজ়। টি-টোয়েন্টি সিরিজ়ে ০-৪ ব্যবধানে হারের পর এক দিনের সিরিজ় ভারতীয় দলের কাছে মান বাঁচানোর লড়াই। নেতৃত্বে ফিরছেন শুভমন গিল। দলে বিরাট কোহলি, রোহিত শর্মা। সিরিজ় শুরুর আগের দিন দুই সিনিয়র ব্যাটারকে নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক।

সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন শুভমন। তাঁর কাছে শুরুতেই জানতে চাওয়া হয়, আগামী বছরের বিশ্বকাপের পরিকল্পনায় কি কোহলি এবং রোহিত রয়েছেন? শুভমন বলেছেন, ‘‘গত এক দশক ধরে কোহলি ভাই এবং রোহিত ভাই আমাদের ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড। দু’জনেই আমাদের দলের অবিচ্ছেদ্য অংশ। ওরা আমাদের দলে যে অভিজ্ঞতা এবং দক্ষতা যোগ করেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত এক দশক ধরে বিভিন্ন পরিবেশে ওরা কী কী করেছে আমরা জানি। বিভিন্ন সময়, বিভিন্ন প্রতিযোগিতায় এবং আলাদা আলাদা পরিবেশে ধারাবাহিক ভাবে দু’জনে রান করেছে। প্রচুর ম্যাচ জিতিয়েছে দু’জনেই।’’

কিছু দিন আগে প্রধান নির্বাচক অজিত আগরকর বলেছিলেন, সিনিয়র ক্রিকেটারদের প্রতিটি সিরিজ়ে পরীক্ষা-নিরীক্ষার মধ্যে ফেলা ঠিক নয়। সেই কথার সূত্র ধরেই শু‌ভমন বুঝিয়ে দিয়েছেন কোহলি এবং রোহিতকে নিয়ে তাঁদের মধ্যে কোনও সংশয় নেই। তিনি আরও বলেছেন, ‘‘দলে যথেষ্ট অভিজ্ঞতা থাকলে চাপের পরিস্থিতিতে অনেক কিছু শেখা যায়। কারণ তারা এই ধরনের পরিস্থিতিতে বহু বার পড়েছে। কখনও ভাল হয়েছে। আবার কখনও খারাপও হয়েছে। আমার মতে চাপের সময় শান্ত থাকাটা গুরুত্বপূর্ণ। তাই যে কোনও দলের জন্যই অভিজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ।’’

শুভমন জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপ নিয়ে দুই সিনিয়র ক্রিকেটারের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছেন। ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘‘কোহলির সঙ্গে নেটে আমি দলের কম্বিনেশন নিয়ে আলোচনা করেছি। দক্ষিণ আফ্রিকার মাটিতে সেরা কম্বিনেশন কী হতে পারে, সেটা নিয়ে আলোচনা করেছি। এখন দলে নেই, এমন কারা আমাদের কাজে লাগতে পারে জানতে চেয়েছি। জোরে বোলার, স্পিনার, অলরাউন্ডার সব নিয়েই কথা বলেছি কোহলি ভাইয়ের সঙ্গে।’’

জসপ্রীত বুমরাহকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাচ্ছেন শুভমন। যা তাঁকে হ্যারি ব্রুকের দলের বিরুদ্ধে আরও আত্মবিশ্বাসী করছে। শুভমন বলেছেন, ‘‘বেশ কিছু দিন পর বুমরাহ দলে ফিরছে। আশা করছি, এক দিনের সিরিজ়ের আগে যথেষ্ট অনুশীলন করেছে। বুমরাহ ভাল পারফর্ম করলে আমরাও সিরিজ়ে ভাল ফল করব।’’

লর্ডসের ইতিহাসে মহিলাদের প্রথম টেস্টে ইংল্যান্ডকে ২৭০ রানে হারিয়েছেন হরমনপ্রীত কৌরেরা। সোমবার মহিলা দলের এই জয় নিশ্চিত ভাবেই এক দিনের সিরিজ়ের আগে চাপ বাড়াবে ছেলেদের দলের উপর।

India vs England ODI Shubman Gill Virat Kohli Rohit Sharma ICC ODI World Cup 2027

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy