দলীপ ট্রফির ফাইনালে কয়েকটি রিভিউ সফল ভাবে নিয়ে নজরে এসেছিল বৈভব সূর্যবংশী। অনেকেই তার অনুমানক্ষমতার প্রশংসা করেছিলেন। কিন্তু সেই কৃতিত্ব বৈভবের একার নয় বলে জানিয়ে দিলেন অধিনায়ক ঈশান কিশন। সমাজমাধ্যমের একটি ভিডিয়োয় দুই ক্রিকেটারকে মজাচ্ছলে ঝগড়াও করতে দেখা গিয়েছে।
ফাইনালে রিকি ভুই এবং স্মরণ রবিচন্দ্রনের আউটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বৈভব। দু’টি ক্ষেত্রেই ডিআরএসের জন্য অধিনায়কের কাছে আবেদন করেছিল সে। সফলও হয়। সেই বিষয়েই ঈশান বলেছেন, “সকলেই ওই রিভিউগুলোর কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমিই আসলে সেই রিভিউগুলো নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি রিভিউ নিতে গেলেই বৈভব আচমকা পাশে এসে বলত, ‘আমি তোমার সঙ্গে আছি’। তা দেখেই সকলে বলতে শুরু করেছিল, ‘বৈভব এত ভাল রিভিউ নিচ্ছে’! সব কৃতিত্ব হয়ে যায় বৈভবের।”
১৫ বছরের ক্রিকেটার এ কথা মানতে পারেনি। তার দাবি, অনেক ক্ষেত্রে ঈশান রিভিউ না নিতে চাইলেও তার জোরাজুরিতে নিতে বাধ্য হয়েছেন। ঈশানকে উদ্দেশ্য করে বৈভব বলেছে, “যখন তুমি মাঠ ছেড়ে সাজঘরে চলে গিয়েছিল তখন রিভিউগুলো কে নিত? তোমার তো সেটাও বলা উচিত।”
আরও পড়ুন:
বৈভবের সেই দাবি মেনে নেন ঈশান। দলীপ ফাইনালে একাধিক বার মাঠ থেকে সাজঘরে গিয়েছিলেন তিনি। ঈশানের কথায়, “সত্যিই সেই সিদ্ধান্তগুলো বৈভব নিয়েছিল। দলে ওর মতো ক্রিকেটার থাকা সত্যিই খুব ভাল ব্যাপার। ভাল ক্রিকেটারের থেকেও ও অনেক বেশি গুণী। এই বয়সেই দলের সকলের খেয়াল রাখতে শিখে গিয়েছে। সে জুনিয়রই হোক বা সিনিয়র।”