প্রথম ম্যাচ হাসতে হাসতে জিতেছে ভারত। তার পরেও আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় দলে জোড়া বদলের সম্ভাবনা। একটি বদল বাধ্য হয়ে করতে হবে গৌতম গম্ভীরদের। অপর বদলটি ভবিষ্যতের কথা মাথায় রেখে করছে ভারত।
ওপেনিংয়ে তিন বিকল্প রয়েছে ভারতের হাতে। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন ও বৈভব সূর্যবংশী। অভিষেকের জায়গা পাকা। তিনি খেলবেনই। তাঁর সঙ্গে কে থাকবেন সেটাই প্রশ্ন। প্রথম টি-টোয়েন্টিতে সুযোগ দেওয়া হয়েছিল সঞ্জুকে। ১০ রান করেছেন তিনি। ফলে দ্বিতীয় ম্যাচে তাঁকে বসতে হতে পারে। সুযোগ পেতে পারে বৈভব।
আয়ারল্যান্ড সিরিজ়ে দলের সঙ্গে গেলেও অভিষেক হয়নি বৈভবের। পরে ইংল্যান্ড সিরিজ়ে সে প্রথম সুযোগ পায়। পাঁচটির মধ্যে তিনটি ম্যাচ খেলে ১৫ বছরের ক্রিকেটার। জ়িম্বাবোয়ে সিরিজ়ে ছিলেন না সঞ্জু। ফলে তিনটি ম্যাচই খেলে বৈভব। সিরিজ়ের সেরা ক্রিকেটারের পুরস্কারও পায়।
ভবিষ্যতের কথা এখন থেকেই ভাবতে শুরু করেছেন গম্ভীর। তাঁর মাথায় ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অলিম্পিক্স। সেই কারণেই সূর্যকুমার যাদবকে সরিয়ে শ্রেয়স আয়ারকে অধিনায়ক করা হয়েছে। ভবিষ্যতের কথা মাথায় রেখেই বৈভবকে খেলানো হতে পারে।
আরও পড়ুন:
সঞ্জুর বয়স হয়েছে। চলতি বছর তাঁর ব্যাটেই ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। কিন্তু দু’বছর পরের জন্য বোধহয় সঞ্জুর কথা ভাবছেন না গম্ভীর। তাঁর পছন্দ অভিষেক ও বৈভবের জুটি। ভারতের জার্সিতে অভিষেক হলেও এখনও পর্যন্ত ভারতের মাটিতে খেলেনি বৈভব। মঙ্গলবার সেই ছবি দেখা যেতে পারে। সঞ্জু না খেললে উইকেটরক্ষক হিসাবে দেখা যাবে ঈশান কিশনকে।
আর একটি বদল করতে হবে ভারতকে। চোট সারিয়ে ফিরে একটি ম্যাচ খেলেই আবার চোট পেয়েছেন বরুণ চক্রবর্তী। সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন তিনি। ফলে মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বরুণের বদলে রবি বিশ্নোইয়ের খেলা প্রায় পাকা। বাধ্য হয়ে এই বদল করতে হবে ভারতকে। বাকি ন’জন ক্রিকেটার একই থাকবেন।
ভারতের সম্ভাব্য একাদশ— অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, ঈশান কিশন, শ্রেয়স আয়ার (অধিনায়ক), তিলক বর্মা, শিবম দুবে, নীতীশ রেড্ডি, অক্ষর পটেল, রবি বিশ্নোই, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিংহ।