বাবা বীরেন্দ্র সহবাগ দেশের অন্যতম সেরা ওপেনারদের মধ্যে একজন। ছেলে আর্যবীরেরও সম্প্রতি জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়ে গিয়েছে। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছেন তিনি। বাড়িতে থাকলে ক্রিকেট নিয়ে দু’জনের কথা হয়ই। ছেলেকে তিনি কী উপদেশ দেন তা একটি সাক্ষাৎকারে ফাঁস করেছেন সহবাগ।
এক ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে সহবাগ বলেছেন, “সাধারণত ওর টেকনিক নিয়ে কোনও কথা হয় না। শুধু ওকে বলি, কী ভাবে ইনিংস শুরু করতে হবে। মানসিকতাই একজন ক্রিকেটারকে আর একজনের থেকে আলাদা করে দেয়। দক্ষতা সকলের থাকে। এই বিষয়টা নিয়ে আমাদের বেশি কথা হয়।”
যদিও আর্যবীর সব সময় বাবার কথা শুনতে চান না। তিনি বাকিদের উদাহরণ তুলে ধরেন। সহবাগের কথায়, “ঘরে তো আমার কোনও মূল্যই নেই। আর্যবীর সব সময়েই বলে, ‘কোচ এটা বলছে, কোচ ওটা বলছে, ট্রেনার এটা বলে, ফিজিয়ো ওটা বলছে’। আমি ওকে বলি, ওদের কাজই পরামর্শ দেওয়া। ১০ জন মানুষ থাকবে পরামর্শ দেওয়ার জন্য। কিন্তু নিজেকেই জানতে হবে সঠিক পরামর্শ কোনটা। এগুলোই ওর কাছে ব্যাখ্যা করি।”
আরও পড়ুন:
সহবাগ একাই শুধু পরামর্শ দেন না, শুনতেও হয় তাঁকে। সম্প্রতি প্রাক্তন ক্রিকেটার ঠিক করেছেন একটি অনুষ্ঠান সঞ্চালনা করবেন। সে বিষয়ে কি কোনও পরামর্শ পেয়েছেন? সহবাগের উত্তর, “ছেলে অবাক হয়ে বলেছিল, ‘বাবা, তুমি সঞ্চালনা করবে? কেন করছ? তোমার এই কাজ করার দরকারই নেই’। এর পর একটু তর্কাতর্কি হয়েছে। আমি ওকে বলেছি, ‘এটা আমার কাছে নতুন চ্যালেঞ্জ। দেখাই যাক না কী হয়’।”