নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের দল ঘোষণা করে দিয়েছে ভারত। ঘোষণা করা হয়েছে ভারত ‘এ’ দলও। কিন্তু এক দিনের সিরিজ়ের দল এখনও ঘোষণা করা হয়নি। কেন এই দেরি?
‘টাইমস অফ ইন্ডিয়া’ জানিয়েছে, নির্বাচকেরা অপেক্ষা করছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ‘এ’ দলের খেলার উপর। সেখানে বেশ কয়েক জন প্রথম সারির ক্রিকেটার রয়েছেন। তাঁদের দিকে নজর রাখা হয়েছে।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি এক দিনের ম্যাচ খেলবে ভারত। নির্বাচকেরা চাইছেন, সিরিজ়কে দু’ভাগে ভাগ করতে। প্রথম তিন ম্যাচের জন্য একটি দল। পরের দুই ম্যাচে কিছু বদল হতে পারে। সেখানে ভারত ‘এ’ দলের মধ্যে থেকে কয়েক জনকে সুযোগ দেওয়া হতে পারে।
আরও পড়ুন:
ভারত ‘এ’ দলে সাই সুদর্শন, দেবদত্ত পডিক্কল, রজত পাটীদারের মতো ক্রিকেটারেরা রয়েছেন। তাঁদের এক দিনের দলে সুযোগ দেওয়া হতে পারে। আগামী বছর এক দিনের বিশ্বকাপ। তার আগে একটি বড় স্কোয়াড তৈরি রাখতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই কারণেই এই পরিকল্পনা করা হয়েছে।
নিউ জ়িল্যান্ডে শুরুতে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ভারত। তার পর পাঁচটি এক দিনের ম্যাচ। শেষে দু’টি টেস্টের সিরিজ়। জানা গিয়েছে, আগামী সপ্তাহে ভারতের এক দিনের দল ঘোষণা করা হতে পারে। তার আগে একটু সময় নিয়ে নিচ্ছেন নির্বাচকেরা।