দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ১৯৪ রানে হারিয়ে তিন ম্যাচে সিরিজ় জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড। জো রুটদের জয়ের প্রভাব পড়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়। শ্রীলঙ্কাকে টপকে ছ’নম্বরে উঠে এসেছে ইংল্যান্ড। শীর্ষ স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়াই।
১০টি টেস্ট খেলার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে প্যাট কামিন্সেরা। তাঁদের পয়েন্ট শতাংশ ৮০। আগের মতোই দ্বিতীয় স্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। চারটি টেস্ট খেলে টেম্বা বাভুমাদের পয়েন্ট শতাংশ ৭৫। তৃতীয় স্থানে রয়েছে নিউ জ়িল্যান্ড। ছ’টি টেস্ট খেলে কিউয়িদের পয়েন্ট শতাংশ ৭২.২২।
পয়েন্ট তালিকায় চার নম্বর জায়গা ধরে রেখেছে বাংলাদেশও। ছ’টি টেস্টের পর নাজমুল হোসেন শান্তদের পয়েন্ট শতাংশ ৫৫.৫৬। পঞ্চম স্থানে রয়েছে ভারত। ১১টি টেস্ট খেলার পর শুভমন গিলদের পয়েন্ট শতাংশ ৫১.৫২।
পাকিস্তানকে দ্বিতীয় টেস্টে হারিয়ে ছ’নম্বরে উঠে এসেছে ইংল্যান্ড। টপকে গিয়েছে শ্রীলঙ্কাকে। রুটদের পয়েন্ট শতাংশ ৩৪.৪৪। ১৫টি টেস্ট খেলা হয়ে গিয়েছে ইংল্যান্ডের। যদিও আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড় থেকে ছিটকে গিয়েছেন ইংরেজরা। শ্রীলঙ্কা সাত নম্বরে নেমে গেলেও খাতায়-কলমে ফাইনালে ওঠার সুযোগ রয়েছে। ধনঞ্জয় ডি সিলভার দলের পয়েন্ট শতাংশ ৩৩.৩৩।
ইংল্যান্ডের কাছে টানা দ্বিতীয় হারের ধাক্কায় পয়েন্ট তালিকায় সকলের নিচে নেমে গিয়েছে পাকিস্তান। ৮টি টেস্টের পর বাবর আজ়মদের পয়েন্ট শতাংশ ১৬.৬৭। তাঁরা রয়েছেন নবম স্থানে।
পাকিস্তানের আগে অষ্টম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। ১২ টি টেস্টের পর ক্যারিবিয়ানদের পয়েন্ট শতাংশ ২০.৮৩। উল্লেখ্য, ফাইনালে ওঠার দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ় এবং পাকিস্তান।