নাগোয়া এশিয়ান গেমসে প্রথম পদক জিতল ভারত। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগে রুপো জিতলেন সোনম মাসকার, ইলাভেনিল ভালারিভান এবং বিদারসা বিনোদ কে। জাপানকে ০.৯ পয়েন্টের ব্যবধানে হারিয়ে রুপো এসেছে এই ইভেন্টে।
এশিয়ান গেমস থেকে ভারতের পদক জয় শুরু হয়ে গেল শুটিংয়ের হাত ধরে। মহিলা খেলোয়াড়েরা দেশকে প্রথম পদক দিলেন। চার দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগে চিনের কাছে হারল ভারত। ১৯০৪.২ পয়েন্ট পেয়ে সোনা জিতেছে চিন। ভারতীয় শুটারদের সংগ্রহ ১৮৯৮.০ পয়েন্ট। তৃতীয় স্থানে শেষ করেছে আয়োজক জাপান। তাদের সংগ্রহ ১৮৯৭.১ পয়েন্ট। একটা সময় পর্যন্ত দক্ষিণ কোরিয়াও পদকের লড়াইয়ে ছিল। শেষ দিকে চো এনুবেয়োল পর পর কয়েকটি খারাপ শট মারায় লড়াই থেকে ছিটকে যায় তারা। দক্ষিণ কোরিয়া ১৮৯৫.৮ পয়েন্ট নিয়ে শেষ করে চতুর্থ স্থানে।
দলগত রুপো জয়ের পাশাপাশি ব্যক্তিগত বিভাগের ফাইনালে উঠেছেন সোনম এবং ইলাভেলিন। ৬৩৪.১ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়ে ফাইনালে উঠেছেন সোনম। ৬৩৩.৫ পয়েন্ট নিয়ে সপ্তম হয়ে প্রথম আটে জায়গা করে নিয়েছেন ইলাভেনিল।