নতুন স্মার্টফোন কিনলেই বাক্সের ভেতরে হ্যান্ডসেট, চার্জিং কেবল এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্রের সঙ্গে একটি ছোট ধাতব পিন পান ক্রেতারা। এই ধাতব পিনটির পোশাকি নাম ‘সিম ইজেক্টর টুল’। সাধারণত ফোনের এক পাশে থাকা সিম কার্ড ট্রে খোলার জন্য ব্যবহার করা হয় এটি। এই কাজটি হয়ে গেলে, অনেকেই হয় এটিকে বাক্সে পুরে রেখে দেন, আবার কখনও কখনও সেটি হারিয়েও যায়।
এই ছোট্ট সরঞ্জামটির ব্যবহার শুধু সিম ট্রে খোলার মধ্যেই সীমাবদ্ধ নয়। অনেকেই হয়তো জানেন না এই হালকা পাতলা যন্ত্রটির বেশ কয়েকটি ব্যবহারিক প্রয়োগ রয়েছে। মজবুত ধাতু দিয়ে তৈরি সুচলো পিনটি দৈনন্দিন জীবনের নানা ছোটখাটো কাজে ব্যবহার করা যেতে পারে।
অনেক ওয়াইফাই রাউটারের পেছনে একটি ছোট রিসেট বাটন বা পিনহোল থাকে। রাউটার ঠিকমতো কাজ না করলে বা দীর্ঘ সময় ধরে ইন্টারনেট সংযোগে সমস্যা দেখা দিলে, সিম ইজেক্টর টুলটি কাজে লাগে। সেই রিসেট হোলে আলতো ভাবে পিনটি প্রবেশ করিয়ে প্রায় ১০ সেকেন্ড চেপে ধরে রাখলে রাউটারটি ফ্যাক্টরি সেটিংসে ফিরে যেতে পারে। তবে মনে রাখতে হবে, এতে রাউটারের সব সংরক্ষিত নেটওয়ার্ক সেটিংস ও কনফিগারেশন মুছে যাবে। ফলে রিসেট করার পর রাউটারটি নতুন করে সেট আপ করতে হবে।
আবার ইয়ারবাড পুনরায় পেয়ার করতে বা সংযোগ-সংক্রান্ত সমস্যা সমাধানের প্রয়োজন হলে, সুচলো সিম ইজেক্টর টুলটি দিয়ে সহজেই রিসেট বাটনটি চাপা যায়। তবে রিসেট করার পদ্ধতি একেকটি ব্র্যান্ড ও মডেলভেদে ভিন্ন হতে পারে। তাই এ ধরনের পদক্ষেপ করার আগে নির্মাতা সংস্থার নির্দেশিকা দেখে নেওয়াই নিরাপদ।
হাতের কাছে প্রয়োজনে কাঁচি বা ছুরি না থাকলে, সিম ইজেক্টর টুলটি জরুরি প্রয়োজনে দিব্যি কাজে লাগতে পারে। এর ধারালো অংশ দিয়ে দিয়ে টেপ, প্লাস্টিকের মোড়ক বা বোতলের সিল সহজেই ফুটো করা যায়। ফলে ছোটখাটো প্যাকেজ বা ডেলিভারির মোড়ক খুলতে এটি একটি কার্যকরী বিকল্প।