Advertisement
E-Paper

প্রযুক্তি থেকে ব্যবসায়িক গোপন তথ্য চুরি! কৃত্রিম মেধা চ্যাটজিপিটির মালিকের বিরুদ্ধে আদালতে অ্যাপ্‌ল

কৃত্রিম মেধা প্রযুক্তি চ্যাটজিপিটির মূল সংস্থা ওপেনএআইয়ের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছে অ্যাপ্‌ল। প্রযুক্তি থেকে ব্যবসায়িক গোপন তথ্য চুরির মতো অভিযোগ তাদের বিরুদ্ধে এনেছে এই বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৬ ১৬:০৫
Representative Picture

—প্রতীকী চিত্র। (এআই সহায়তায় প্রণীত)

দুই মার্কিন টেক জায়ান্টের ‘বুল-ফাইট’! তার এক দিকে রয়েছে আইফোন-ম্যাকবুক-আইপড নির্মাণকারী অ্যাপ্‌ল। অন্য দিকে কৃত্রিম মেধা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই) প্রযুক্তি চ্যাটজিপিটির মূল সংস্থা ওপেনএআই। তাদের লড়াই আদালত পর্যন্ত গড়ানোয় টেক দুনিয়ায় পড়ে গিয়েছে শোরগোল।

সম্প্রতি, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে খবরের শিরোনামে উঠে আসে অ্যাপ্‌ল। বহুজাতিক মার্কিন টেক জায়ান্টটির অভিযোগ, প্রযুক্তি ও ব্যবসায়িক গোপন তথ্য চুরি করছে ওই কৃত্রিম মেধাভিত্তিক সংস্থা। যদিও পত্রপাঠ তা খারিজ করে দিয়েছে ওপেনএআই কর্তৃপক্ষ।

টেক বিশ্লেষকদের দাবি, অ্যাপ্‌লের এই অভিযোগ পুরোপুরি ফেলে দেওয়ার নয়। মার্কিন টেক জায়ান্টটির বহু ব্যবসায়িক গোপন নথি ইতিমধ্যেই ফাঁস হয়েছে ডার্ক ওয়েবে। ফলে সেগুলি হাতিয়ে নেওয়া ওপেনএআইয়ের পক্ষে একেবারেই অসম্ভব নয়। যদিও সেই অপরাধ তারা করেছে কি না, আদালতের রায়ে মিলবে তার জবাব।

অ্যাপ্‌ল আরও জানিয়েছে, বেছে বেছে তাদের সংস্থার কর্মীদের বেশি বেতনের লোভ দেখিয়ে চাকরি দিচ্ছে ওপেনএআই। ওই কর্মচারীদের থেকেও আসন্ন পণ্য, তার উৎপাদন পদ্ধতি এবং সরবরাহকারীদের সঙ্গে সম্পর্কের মতো সংবেদনশীল বিষয়গুলি জানার চেষ্টা চলছে। এর জেরে বড় লোকসানের মুখে পড়তে হতে পারে তাদের।

উল্লেখ্য, আগামী দিনে কৃত্রিম মেধার পাশাপাশি হার্ডঅয়্যারের বাজারেও আসবে ওপেনএআই। যদিও কোনও স্মার্টফোন তৈরি করবে না তারা। এর জেরে অ্যাপ্‌লের পণ্য এবং তার উৎপাদন পদ্ধতি চুরির মতো মারাত্মক অভিযোগের মুখে পড়তে হচ্ছে তাদের।

এ দিকে আবার যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির জেরে আইফোনের দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে অ্যাপ্‌ল। যদিও পুরনো মডেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এই নিয়ম। তবে আইফোন-১৮ সিরিজ়ের ডিভাইস কিনতে বেশি খরচ করতে হবে গ্রাহককে।

Apple iphone ChatGPT OpenAI

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy