বিমান চলাকালীন যাত্রীদের মতোই কি বিমানসেবিকা এবং অন্য কর্মীরাও খাবার পান? ভিডিয়ো পোস্ট করে সে প্রশ্নেরই উত্তর দিয়েছেন এক তরুণী বিমানসেবিকা। দর্শককে দেখিয়েছেন, মাটি থেকে হাজার হাজার ফুট উঁচুতে কাজ করার সময় তাঁদের খাবারের বিরতি ঠিক কেমন হয়।
ইনস্টাগ্রামে ‘কেবিন ক্রু হিসেবে আমার জীবনের একটি দিন’ শিরোনামের একটি ভিডিয়োয় বিমানের অন্দরে তাঁর খাদ্যাভ্যাস সম্পর্কে জানিয়েছেন সমৃদ্ধি নামের এক বিমানসেবিকা। দেখিয়েছেন কী ভাবে বিমানের কর্মীরা যাত্রীদের দেখাশোনা করার পাশাপাশি নিজেদের খাবারের বিরতি সামলান। সমৃদ্ধি জানান, বিমানের সময়সূচি এবং কত ক্ষণ বিমানকর্মীদের বিমানের থাকতে হবে, তার উপর ভিত্তি করে তাঁরা বিমানেই খাবার পেয়ে থাকেন। পাশাপাশি, নিজের খাবারের বিরতিতে তাঁকে কী খেতে দেওয়া হয়েছিল, তা-ও ওই ভিডিয়োতে তুলে ধরেছেন তিনি।
আরও পড়ুন:
সমৃদ্ধি যে ভিডিয়ো শেয়ার করেছেন, তার উপর লেখা ছিল, ‘‘২৫,০০০ ফুট উচ্চতায় আমার দুপুরের খাবারের বিরতিটা এমনই হয়।’’ ভিডিয়োয় সমৃদ্ধিকে বিমানের ভেতরেই খাবার খেতে দেখা গিয়েছে। ভিডিয়োর শুরুতে বিমানকর্মীদের জন্য বরাদ্দ খাবার একটি সাদা বাক্সের ভেতর ছিল। তার মধ্যে বিভিন্ন পদ আলাদা আলাদা রুপোলি রঙের পাত্রে সিল করা ছিল। ওই পাত্রগুলির গায়ে খাবার সংক্রান্ত বিস্তারিত তথ্য-সহ লেবেলও লাগানো ছিল।
আরও পড়ুন:
কিন্তু বিমানে থাকাকালীন কী খাবার খান বিমানসেবিকারা? সমৃদ্ধি জানিয়েছেন, ভিডিয়ো করার দিন নিজের খাবারের জন্য তিনি আমিষ বেছে নিয়েছিলেন। প্রায় ২৫,০০০ ফুট উচ্চতায় পরিবেশন করা তাঁর দুপুরের খাবারে ছিল ভাত, সব্জি, মুরগির মাংস এবং ডাল। এ ছাড়াও একটি মিষ্টি এবং একটি বান। তবে পুরোপুরি নির্বিঘ্নে খাবার খেতে পারেননি সমৃদ্ধি। তিনি খাওয়ার সময় কিছুটা খাবার পড়ে গিয়েছিল। তাই তাঁকে দ্রুত সেই জায়গাটি পরিষ্কার করতে হয়। তিনি ব্যাখ্যা করেছেন, বিমান মূলত তাঁদের ‘দ্বিতীয় বাড়ি’, তাই কাজের জায়গা পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।
ভিডিয়োয় সমৃদ্ধি আরও জানিয়েছেন, খাবার খাওয়ার বিরতি মানেই এই নয় যে সে সময় বিমানকর্মীরা কাজ করা পুরোপুরি বন্ধ করে দেন। তরুণী বিমানসেবিকা জানান, যখন এক জন খাবার খাওয়ার বিরতি নেন, তখন অন্য এক জন সদস্য কেবিনের ব্যবস্থাপনা এবং যাত্রীদের প্রয়োজনীয় পরিষেবা প্রদানের কাজ চালিয়ে যান। এর ফলে বিমানকর্মীরা পালা করে খাবার খেতে পারেন এবং একই সঙ্গে যাত্রীদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও কোনও বাধা পড়ে না।
বিমানসেবিকা সমৃদ্ধির ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। বিমানে কোনও ওভেন থাকে কি না, সে প্রশ্নও তুলেছেন নেটাগরিকদের একাংশ। যদিও সমৃদ্ধি জানান, বিমানে কোনও ওভেন নেই।